খুঁজুন
, ,

‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেছেন, প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ। আর আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে।

রোববার (২২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, অনেকে প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কেন আগাম কোনো পদক্ষেপ নেননি আওয়ামী লীগের বিরুদ্ধে। এটি ছিল তার একটি বড় রাজনৈতিক কৌশল। এ কৌশল নিঃসন্দেহে অনেকের মনে বিস্ময়ের জন্ম দিয়েছিল। কিন্তু বলতে হয় নিখুঁতভাবেই কাজ করেছে পরিকল্পনা অনুযায়ী কৌশলটি।

তিনি লেখেন, দা হাতে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িসহ আরও বহু মানুষের বাড়িতে আগুন দিয়েছে। থানায় অগ্নিসংযোগ করেছে। এমনকি টুপি পরা কিংবা দাড়ি রাখা বাসযাত্রীদের থামিয়েছে । তাদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাই করেছে।

এসব ঘটনার দৃশ্যগুলো ছিল অত্যন্ত ভয়াবহ-এটা সত্য উল্লেখ করে সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, অনেকে মনে করেন এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে । আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে—এমন একটি ধারণাও জনমনে সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ। আর আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে।

তিনি লেখেন, পাঁচজনের মৃত‍্যু, অসংখ্য বাসে অগ্নিসংযোগ এবং অতর্কিত মোলোটভ ককটেল ও পেট্রোল বোমা হামলা। আওয়ামী লীগ শেষ পর্যন্ত তাহলে কী অর্জন করল? ভারতের সংবাদমাধ্যমে কিছু সহানুভূতিশীল সংবাদ প্রচার? এ ছাড়া তাদের অর্জন বলতে তেমন কিছুই ছিল না।

‘এটা ঠিক যে পরিকল্পিতভাবে তাদের নেত্রীর প্রত্যাবর্তনের জন্য তারা রাজনৈতিক পরিবেশ ও গতি তৈরি করার চেষ্টা করছিল। অপরিণত ও আগাম সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ নিজেই তা নষ্ট করেছে।’

তিনি আরও লেখেন, সরকারকে কার্যত খুব বেশি কিছুই করতে হয়নি। সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চল ছাড়িয়ে প্রকৃত অর্থে আর বিস্তৃত হতে পারেনি। এমনকি আওয়ামী লীগ কর্মীদের হাতে পাঁচজন নিহত হওয়ার ঘটনাও পরিস্থিতিকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারেনি।

‘পরিস্থিতি কিছুটা শান্ত হয় ।এরপর সালাহউদ্দিন আহমদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার আগেই খবর আসে, তরুণ আওয়ামী লীগ কর্মীরা ইতোমধ্যে অন্য জেলাগুলোতে পালিয়ে গেছে। গোপালগঞ্জ এখন শান্ত ও নীরব।’

শফিকুল আলম লেখেন, এদিকে আওয়ামী লীগকে আরও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলগুলোর প্রতি বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এটি ছিল এক অসাধারণ রাজনৈতিক চাল। যার জন্য আওয়ামী লীগ ও তার বিদেশি প্রভুরা প্রস্তুত ছিল না। জামায়াতের আমির দ্রুত এই উদ্যোগকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন। এর ঠিক পরদিনই জামায়াত ও তাদের মিত্ররা বিরোধীদের মোকাবিলায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।

‘আওয়ামী লীগ ও তাদের ভাষ্যকাররা দাবি করতে পারেন, এই রাজনৈতিক ঐক্য আসলে আওয়ামী লীগের পুনরুত্থানের প্রতিক্রিয়া মাত্র। কিন্তু সংসদে থাকা দলগুলো বাস্তবে যা অর্জন করেছে- তা অভূতপূর্ব। এটি হলো নির্বাচনের পর থেকে যে রাজনৈতিক ঐক্যের অভাব ছিল, সেটির একটি দৃশ্যমান চিত্র তুলে ধরা। এই ঐক্যের ফলে আওয়ামী লীগের সামনে কৌশলগত খুব কম সুযোগই রয়েছে। এখন তাদের সামনে দুটি পথ—হয় সহিংসতা আরও বাড়ানো, নয়তো ক্রমশ গভীর রাজনৈতিক গুরুত্বহীনতার মুখোমুখি হওয়া।’

তিনি আরও লেখেন, কার্যত আওয়ামী লীগ এখন এমন একটি পরিস্থিতিতে পড়েছে, যেখানে সহিংসতা বাড়াতে গেলে তার পরিণতি আরও ভয়াবহ হতে পারে। সরকার ও বিরোধী দলগুলোকে কোনো রাজনৈতিক সমঝোতায় বাধ্য করতে চাইলে এখন তাদের সামনে সহিংসতার মাত্রা আরও বাড়ানো ছাড়া আর কোনো পথ নেই। আর আওয়ামী লীগের অতীত ইতিহাস বিবেচনায় নিলে, এমন পথে হাঁটা তাদের জন্য খুব কঠিন হওয়ার কথা নয়।

‘কিন্তু আরও হত্যাকাণ্ড এবং আকস্মিক হামলা দলটিকে সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে। অন্যদিকে, বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলে তীব্র জনরোষ কিংবা গণপ্রতিশোধের আশঙ্কা তৈরি হতে পারে।’

শফিকুল আলম লেখেন, আওয়ামী লীগ কোনো গেরিলা বাহিনী নয়। তাই এই সংঘাত বাড়ানোর কৌশল তাদের জন্য বহন করা সম্ভব নয়। আওয়ামী লীগের পলাতক নেতৃত্ব যত দ্রুত বিষয়টি উপলব্ধি করবে, মাঠপর্যায়ে তাদের কর্মীদের জন্য ততই মঙ্গল হবে।সময় দ্রুত ফুরিয়ে আসছে কোড করে তিনি লেখেন, মূলত জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে। তাদের নেত্রী যদি দেশে ফিরতে চান, তাহলে এর মধ্যেই তাকে দেশে ফেরার একটি পথ খুঁজে বের করতে হবে।

‘বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে নেবে না, যদি না তাকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনা হয়। শ্রীরাধা দত্ত উল্লেখ করেছেন, ভারত কখনোই তাকে প্রত্যর্পণ করবে না। কারণ, ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি স্বৈরশাসককে প্রত্যর্পণের কারণে সৃষ্ট রাজনৈতিক সংকট সামাল দেওয়ার সামর্থ্য বিজেপির নেই!’

শফিকুল লেখেন, রমজানের পর আসবে বর্ষাকাল। তখন হাসিনা এবং কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিষয়ে ভারতের অবস্থান নতুন করে পর্যালোচনা করা ছাড়া দেশটির সামনে খুব বেশি বিকল্প থাকবে না।সম্ভবত তাদের নীরবে পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হবে। হাসিনা বুঝতে পারবেন, পশ্চিমা ও ভারতীয় সংবাদমাধ্যম তার পরিচিত ও বারবার বলা রাজনৈতিক বয়ানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এমনকি তাকে নীরব থাকার পরামর্শও দেওয়া হতে পারে।

‘এটি হবে ঢাকার প্রতি একটি ইঙ্গিত—নয়াদিল্লি এখন তারেক রহমানের আনুষ্ঠানিক সফর গ্রহণের জন্য প্রস্তুত। আর ড. শফিকুর রহমানের কথা-বাংলাদেশের বিরোধীদলীয় নেতার ২০২৯ সালের কোনো এক সময়ে আধা-সরকারি সফরে নয়াদিল্লি যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।’

 

দেশকে আর কখনোই কারও পৈতৃক সম্পত্তি বানাতে দেবো না, এই দেশ আমাদের: ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
দেশকে আর কখনোই কারও পৈতৃক সম্পত্তি বানাতে দেবো না, এই দেশ আমাদের: ডেপুটি স্পিকার

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এই দেশকে কারো আর কখনোই পৈতৃক সম্পত্তি বানাবো না। এই দেশকে আর কখনো আমিত্বের দেশ আমরা বানাতে চাই না। এই দেশ আমাদের। কেউ যেন না বলতে পারে আমি এই করেছি, আমার বাবা এই করেছে। কোনো একক বাবার মাধ্যমে আমার স্বাধীনতা আসেনি।

গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, আমাদের ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, আমার দেশের কথাটা আনতে হবে, আমার না। আমিত্ব বাংলাদেশে আর চলবেন না। আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, আর না। এবার জেগে ওঠার সময় হয়েছে।

রাষ্ট্র পরিচালনা ও গণতন্ত্র প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে, বারবার তারাই ক্ষমতাচ্যুত হয়েছে। বাংলাদেশের মানুষ শাসিত হতে চায় না, তাদের সঙ্গে সমন্বয় করে দেশ পরিচালনা করতে হবে। দেশের মানুষকে ম্যানেজ করতে হবে, শাসন করা যাবে না। বাংলাদেশের মানুষ কখনোই অন্যায়ের সঙ্গে আপস করে না।

তিনি বলেন, বাংলাদেশের শত শত বছরের ইতিহাস পর্যালোচনা করলে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে বহু আন্দোলন-সংগ্রামের নজির পাওয়া যায়। বাংলাদেশ কখনো দাসত্ব বা বশ্যতা স্বীকার করেনি। কেউ যদি মনে করেন, সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে নেবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন। বীরের জাতি বাংলাদেশি কখনো মাথা নত করে না।

দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে কায়সার কামাল বলেন, এই দেশ আমাদের, আমরা দেশমাতৃকার পবিত্র সন্তান। দেশমাতৃকার প্রয়োজনে ১৯৭১ সালে মানুষ নিজের রক্ত বিলিয়ে দিয়ে দেশ স্বাধীন করেছে। পরবর্তী সময়ে যে উদ্দেশ্য, আশা ও প্রত্যাশা নিয়ে পূর্বপুরুষেরা দেশ স্বাধীন করেছিলেন, সেই গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বিভিন্ন সময়ে সংগ্রাম করতে হয়েছে। গণতন্ত্র বারবার হোঁচট খেলেও দেশের মানুষ থেমে থাকেনি।

তিনি বলেন, ১৯৯০ সালের আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই-আগস্টের আন্দোলনেও মানুষ জীবন দিয়েছে। মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে তাঁর-আমাদের ১ হাজার ৪০০ শিশু, তরুণ-তরুণীর প্রাণ কেড়ে নেওয়া হয়েছিল। আজ আবারও সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, দেশের প্রয়োজনে পূর্বপুরুষেরা যেভাবে রক্ত দিয়েছেন এবং গণতন্ত্র রক্ষায় শিক্ষার্থীরা যেভাবে রাজপথে বুলেটকে আলিঙ্গন করেছেন, ঠিক সেভাবেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রত্যেক নাগরিককে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।

হাজং সম্প্রদায়ের ভাষা সংরক্ষণ ও মন্দিরভিত্তিক শিক্ষার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, হাজং সম্প্রদায়ের নিজস্ব ভাষা থাকলেও তা আগে বইয়ে লিপিবদ্ধ ছিল না। বিষয়টি জানার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাজং শিক্ষার্থী এবং সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ‘মূলা হাজং’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। বইটিতে বাংলা ও হাজং ভাষা পাশাপাশি রাখা হয়েছে, যাতে হাজং ভাষা হারিয়ে না যায়।

তিনি আরও বলেন, কালের বিবর্তনে প্রজন্ম থেকে প্রজন্মে হাজং ভাষা হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ভাষা সংরক্ষণের জন্য বই প্রকাশের পাশাপাশি মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ কর্মপরিকল্পনার আওতায় প্রতিটি মন্দিরে শিশুদের হাজং ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হবে। মায়েদের সঙ্গে মন্দিরে আসা শিশুরা যেন হাতে-কলমে নিজেদের ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে, সে প্রচেষ্টা চালানো হবে।

 

ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রুহুল কবির রিজভী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে শেখ হাসিনা: রুহুল কবির রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলছেন, আল্লাহ তায়ালা ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। এ-ও (শেখ হাসিনা) সমুদ্রের মধ্যে ডুবে গেছে, ভারতের সমুদ্রে। দেখা যায় না তাকে, তার লোকদের মাধ্যমে বিভিন্ন বার্তা আসে, সে-ও নাকি বিভিন্ন বার্তা দেয়। তারা যে বার্তা দেয় সেই বার্তা হিংস্র বার্তা, এই বার্তা রক্তপাত ঘটানোর বার্তা।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, তাদের (আওয়ামী লীগ) কাছে অনেক টাকা। বাংলাদেশ ব্যাংকের লুট করা টাকা, মেট্রোরেলের টাকা, পদ্মা সেতু-মেগা প্রকল্পের লুট করা টাকা তাদের কাছে। অনেকে বলে— বিকাশে একটা ককটেল মারার জন্য না কি ১০ হাজার-২০ হাজার টাকা দেওয়া হচ্ছে। টোকাই, মাদকসেবী ও কিশোর গ্যাংদের এসব টাকা দেওয়া হয়।

সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শেখ হাসিনার একটাই নেশা, প্রতিশোধ আর রক্তের নেশা। পালিয়ে যাওয়ার পরও তার রক্তের নেশা যায়নি। বিভিন্ন জায়গায় ককটেল-অগ্নিসন্ত্রাস করা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় পেট্রোলবোমা-আগুন দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ দলের বিভিন্ন নেতা-কর্মীদের বাড়িতে আগুন দিয়েছে।

তবে এমন অগ্নিসন্ত্রাসের জবাবে বিএনপি কোনো হিংস্র পথে হাঁটেনি বলে উল্লেখ করেন রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পারতেন নিষ্ঠুরভাবে সেগুলো দমন করতে, কিন্তু তিনি তা করেননি। যারা রক্ত চুষে নিচ্ছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পার্লামেন্টে আইন করা উচিত— আওয়ামী লীগ জাতীয় শয়তান, তাদের ব্যাপারে এই আইন করা উচিত। আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই। ক্ষমতার জোরে বেআইনিভাবে সম্পদ করেছে শেখ হাসিনা। জনগণের সঙ্গে যারা দুশমনি করেছে, নতুন করে এ দেশে তাদের রাজনীতি করার সুযোগ নেই।

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ-পরবর্তী সমাবেশ থেকে ‘এক শর্তে’ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে জামায়াত। সরকার যদি গণভোটের রায় মেনে নেয়, তাহলেই দলটি লড়াইয়ে নামবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিলপূর্বক বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা অব্যাহত রাখব।

সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, যেই স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারে না; সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারে না, এমপি মন্ত্রীদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন লাগায় এবং তাদের পালিয়ে বেড়াতে হয় সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের মন্ত্রিসভায় রাখা যায় কিনা- প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি।

তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা গ্রেফতারের খবর কিন্তু সরকার এবং বিএনপির জন্য শুভ নয়। এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে।

তিনি আরও বলেন, আমরা এখনই বলছি না সরকারকে পদত্যাগ করতে। আমরা চাই সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগে আইন পাশ করা গেলেও সেই আইন টিকিয়ে রাখা যায় না। টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প কোনো পন্থা নেই। দেশের ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকারের দায়িত্ব হচ্ছে গণভোটের সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি দল ও বিরোধীদল মিলে বিল পাশ করা।

এক দলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে অনতিবিলম্বে গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে পূর্ণ সহযোগিতা করবে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তাই জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যারা এদেশে গণহত্যা চালিয়ে হাজার-হাজার মানুষকে হত্যা করে ২০২৪ সালের ৫ আগস্ট পালিয়ে গেছে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সরকার পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেখানে সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক! ভারত থেকে ৭ বছরের ট্রেনিং নিয়ে দেশে আসা সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বিএনপি সরকার নিজেদের পতন ডেকে আনছে। স্বরাষ্ট্রমন্ত্রী দেশের জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে তিনি যেখানে ৭ বছর ছিলেন তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।

মাওলানা রফিকুল ইসলাম খান আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, যখন শেখ হাসিনার হাতে পুরো রাষ্ট্রযন্ত্র ছিল তখন তিনি পালিয়ে গেছে, আর এখন তিনি শূন্য হাতে বাংলাদেশে ফিরবে এটি কেবলই দিবাস্বপ্ন।

সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জাতীয় ঐক্য সৃষ্টির জন্য বিএনপি সরকারকে গণভোটের গণরায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে কোনো অপশক্তি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না। আগুন সন্ত্রাসীদের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আন্দোলন হয়েছিল কিন্তু কোনো এমপি-মন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়নি, কোনো এমপি-মন্ত্রীর বাড়িতে কেউ আগুন দিতে সাহস পায়নি। কিন্তু বিএনপি সরকার নিজেদের এমপি-মন্ত্রীকেও রক্ষা করতে পারছে না।

জনগণকে কীভাবে রক্ষা করবেন সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে সরকারকে বাঁচতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আর জাতীয় ঐক্যের জন্য ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যৌথভাবে ইঞ্জিনিয়ারিং করেছিল। বিএনপি মনে করেছিল আওয়ামী নামক এই কাল সাপ বিএনপিকে শান্তিতে দেশ পরিচালনা করতে দেবে, কিন্তু আওয়ামী লীগ নামক কাল সাপ বিএনপিকে গোপালগঞ্জের নৈরাজ্যের মাধ্যমে ছোবল মারতে শুরু করেছে।

তিনি আরও বলেন, জুলাই সনদ মেনে নিলে বিএনপির সঙ্গে ঐক্য হবে। জাতীয় ঐক্য গড়ে তুলে আওয়ামী লীগের বিরুদ্ধে পাড়া-মহল্লায় প্রতিরোধ করে তোলা হবে।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে জামায়াতকে ঠেকানোর জন্য বিএনপি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সঙ্গে লিয়াজো করেছিল যার কারণে আজকে বিএনপি আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।

আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐক্যের জন্য বিএনপিকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নতুবা সামনে বিএনপি সরকারের জন্য আরও ভয়াবহ দিন আসতে পারে।

সভাপতির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিদেশে থেকে বাংলাদেশে নৈরাজ্য চালাচ্ছে কিন্তু বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের টার্গেট হচ্ছে নিরীহ কর্মী-সমর্থকদের লেলিয়ে দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা এবং সরকারকে ব্যর্থ করা।

তিনি আরও বলেন, বর্তমান সরকার গণভোটের গণরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করার ফলে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে জাতীয় ঐক্য অটুট থাকবে। এবং আওয়ামী সন্ত্রাসীদের জনগণ প্রতিহত করতে রাজপথে নেমে আসবে। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকার তলে-তলে অতিরিক্ত মাখামাখি বন্ধ না করলে সরকার সফল হতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত। এছাড়াও ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদ সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে, বায়তুল মোকাররম উত্তর গেট থেকে হাজার-হাজার নেতাকর্মী ও স্থানীয় জনতা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।