খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
খুলনায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সন্নিকটে এই দূর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে স্বপন কুমার রায় নামে এক ব্যক্তি তার স্ত্রী হান্না সরকারক নিয়ে মোটরসাইকেল যোগে খুলনা থেকে চুকনগর অভিমুখে আসছিলেন। মোটরসাইকেলটি ডুমুরিয়া ফায়ার সার্ভিসের (গোলনা) সন্নিকটে পৌঁছুলে বিপরীত দিক থেকে খুলনা-সাতক্ষীরা রুটের একটি দ্রুতগতি সম্পন্ন যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে দুইজনই মহাসড়কে ছিটকে পড়ে, কিন্তু চালক বাসটিকে নিয়ন্ত্রণ করতে না পারায় স্বপন রায়কে চাপা দিয়ে চলে যায়। একই সময়ে খুলনা থেকে ছেড়ে আসা অপর একটি যাত্রীবাহী বাস হান্না সরকারকে চাপা দেয়। এ ঘটনায় স্বামী স্ত্রী দুজনই ঘটনাস্থলে নিহত হন বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্ততঃ ৫ জন আহত বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম জানিয়েছেন। নিহতদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]