জাজিরায় গৃহবধূর রহস্যজনক মৃ/ত্যু, স্বামীর বাড়ির পেছনে মিলল চার ফুট গর্ত
স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমাতে গিয়েছিলেন গৃহবধূ নুরুন্নাহার বেগম (২৩)।) মধ্যরাতে তাঁর মৃত্যুর খবর পৌঁছায় বাবার বাড়িতে। শ্বশুরবাড়ির লোকজন জানান, তিনি স্ট্রোক করেছেন। তবে স্বজনেরা গিয়ে তাঁর গলায় ফাঁসের দাগ দেখতে পান। এরই মধ্যে বাড়ির পেছনে খোঁড়া অবস্থায় পাওয়া গেছে প্রায় চার ফুটের একটি গর্ত। সেটি মরদেহ মাটিচাপা দেওয়ার জন্য খোঁড়া হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের পশ্চিম ছাব্বিশ পাড়া এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুরুন্নাহার বেগম একই ইউনিয়নের উত্তর কেবল নগর খান কান্দি এলাকার আক্কাস মাদবরের মেয়ে। তাঁর স্বামী মোক্তার মাদবর পশ্চিম ছাব্বিশ পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন রাতে খাবার খেয়ে স্বামী মোক্তার মাদবরের সঙ্গে একই শয়নকক্ষে ঘুমাতে যান নুরুন্নাহার। পরে রাত আনুমানিক ১২টার দিকে তাঁর স্বামী পাশের কক্ষ থেকে তাঁর ভাবী পারভীন বেগমকে (২৫) ডেকে এনে নুরুন্নাহারকে তেল-পানি দেওয়ার কথা বলেন।
এরপর শ্বশুরবাড়ির লোকজন নুরুন্নাহারের বাবার বাড়িতে ফোন করে জানান, তিনি স্ট্রোক করেছেন। খবর পেয়ে তাঁর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নুরুন্নাহারের গলায় ফাঁসের দাগ দেখতে পান। এতে তাঁদের সন্দেহ হলে তাঁরা জাজিরা থানা পুলিশকে খবর দেন।
এদিকে, নুরুন্নাহারের স্বামীর বাড়ির পেছনে আনুমানিক চার ফুট পরিমাপের একটি গর্ত খোঁড়া অবস্থায় পাওয়া গেছে। গর্তটি কী উদ্দেশ্যে খোঁড়া হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিহতের স্বজনদের ধারণা, মরদেহ মাটিচাপা দেওয়ার উদ্দেশ্যে গর্তটি খোঁড়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। গর্তটির সঙ্গে মৃত্যুর ঘটনার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের বিষয়।
খবর পেয়ে জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর ছয় মাস আগে নুরুন্নাহার ও মোক্তার মাদবরের বিয়ে হয়। তাঁদের এক মাস আট দিন বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার সন্দেহ প্রকাশ করা হয়েছে। তাঁদের অভিযোগ, নুরুন্নাহারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় তাঁরা তাঁর স্বামীকে সন্দেহ করছেন। ঘটনার পর থেকে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলেও অভিযোগ করেছেন স্বজনেরা।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নুরুন্নাহারের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।”

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]