দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লার দাউদকান্দিতে সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোটের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার সানাই পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন।
নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশের গণতান্ত্রিক ধারাকে পুনরুদ্ধার করা সম্ভব।
সভায় বক্তারা সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাউদকান্দি উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় এবং খেলাফত মজলিসের কুমিল্লা মহানগর আমির সৈয়দ আব্দুল কাদের জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনিরুজ্জামান বাহালুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা-১ নির্বাচন কমিটির সদস্য সচিব ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, খেলাফত মজলিসের দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি এইচ এম শরিফুজ্জামান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দাউদকান্দি উপজেলা শাখার প্রধান সমন্বয়ক ভূইয়া মোহাম্মদ সানাউল্লাহ বাবুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি শাকিল আহমেদ, দাউদকান্দি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ, উপজেলা যুব বিভাগের সভাপতি রেজাউল সরকার ও সেক্রেটারি তৌফিক রুবেল প্রমুখ।
মতবিনিময় সভায় দাউদকান্দিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ। একই সঙ্গে তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জোটের বিভিন্ন কর্মসূচি ও অবস্থান তুলে ধরেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]