খুঁজুন
, ,

দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ
দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে কবর খুঁড়ে ফাহিমা নামের এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটির স্বজনরা কবরস্থানে গিয়ে দেখতে পান, কবরটি খোঁড়া এবং ভেতরে শিশুটির মরদেহ নেই। এর আগে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার একটি কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফাহিমা ওই এলাকার বাসিন্দা গোলাম হোসেন খালাশীর মেয়ে। তার বয়স ছিল ১ বছর ১ মাস। গত ২৩ অক্টোবর পানিতে পড়ে শিশুটির মৃত্যু হলে তাকে ছুরিরচর এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শিশুটির মা শাহজাহান বেগম বলেন, আমার মেয়ে পানিতে পড়ে মারা যাওয়ার পর আমরা তাকে এই কবরে দাফন করি। গতকাল সন্ধ্যায়ও হুজুর দিয়ে মেয়ের জন্য দোয়া করিয়েছি। আমরা মাঝেমধ্যে কবরের কাছে এসে দোয়া করি। মেয়েকে হারানোর কষ্ট এমনিতেই সহ্য করতে পারছি না, এখন আবার মেয়ের লাশও চুরি হয়ে গেছে। আমরা আমাদের মেয়ের লাশ ফেরত চাই।

স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন বলেন, দাফনের দুই মাস পূর্ণ হওয়ার আগেই কবর থেকে শিশুটির মরদেহ গায়েব হয়ে গেছে। আমাদের ধারণা, কোনো কবিরাজ মরদেহটি নিয়ে যেতে পারে। এর আগেও গত দুই বছরে এই কবরস্থান থেকে আরও দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। সেগুলোরও এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

উত্তর তারাবুনিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, ছুরিরচর এলাকায় কবর থেকে লাশ চুরির বিষয়টি আমি জানি না। আমি বর্তমানে ঢাকায় আছি। ঘটনাটি খুবই মর্মান্তিক। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, আমরা ঘটনাটি জানতে পেরেছি। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমির নির্বাচিত হলেন মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমির নির্বাচিত হলেন মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁর নির্বাচনের মধ্য দিয়ে উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।

এদিকে, মাওলানা ছলিম উল্লাহ জিহাদী আমির নির্বাচিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

তবে নির্বাচন প্রক্রিয়া, মেয়াদ ও নতুন কমিটির অন্যান্য পদে কারা দায়িত্ব পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

পেকুয়ায় প্রতিবন্ধী ছেলের বিয়েতে বাবার স্বপ্ন পূরণ, উপহার পেলেন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
পেকুয়ায় প্রতিবন্ধী ছেলের বিয়েতে বাবার স্বপ্ন পূরণ, উপহার পেলেন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী আতিক মোহাম্মদ মহিউদ্দিন। বাবার জীবদ্দশায় দেখে যাওয়া স্বপ্ন পূরণে পরিবারের সদস্যরা প্রায় দুই হাজার অতিথির অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করেন। বিয়েতে বড় ভাইয়ের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে আনুমানিক এক কোটি টাকা মূল্যের একটি ডুপ্লেক্স বাড়ি।
শুক্রবার পেকুয়া জেলি কমিউনিটি সেন্টারে জমকালো আয়োজনে এ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আতিক মোহাম্মদ মহিউদ্দিন পেকুয়া সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকার মৃত মাওলানা কবির আহমেদের ছেলে। ছয় ছেলে ও ছয় মেয়ের মধ্যে তিনি সবার ছোট।
তাঁর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মাতামুহুরী উপজেলার বদরখালী এলাকার সাজেদা বেগম। নগদ এক লাখ টাকা দেনমোহর ধার্য করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে প্রায় দুই হাজার অতিথি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে আয়োজিত প্রীতিভোজে অতিথিরা অংশ নিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরিবারের সূত্রে জানা যায়, মৃত মাওলানা কবির আহমেদ জীবিত থাকাকালে তাঁর সন্তানদের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন, মৃত্যুর পর যেন তাঁর প্রতিবন্ধী ছোট ছেলেকে ঘটা করে বিয়ে দেওয়া হয়। বাবার সেই ইচ্ছা ও ওয়াদা পূরণে পরিবারের সদস্যরা এই ব্যতিক্রমী আয়োজন করেন।
এদিকে বিয়ের আনন্দকে আরও বিশেষ করে তুলতে বড় ভাই তাঁর প্রতিবন্ধী ছোট ভাইকে উপহার হিসেবে দিয়েছেন আনুমানিক এক কোটি টাকা মূল্যের একটি ডুপ্লেক্স বাড়ি। ভাইয়ের প্রতি এমন ভালোবাসা ও দায়িত্ববোধ উপস্থিত অতিথিদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
নববধূ সাজেদা বেগম স্বামীকে গ্রহণ করে নতুন দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
বাবার শেষ ইচ্ছা পূরণে সন্তানদের এমন উদ্যোগ এবং প্রতিবন্ধী ভাইয়ের প্রতি বড় ভাইয়ের ভালোবাসার এই দৃষ্টান্ত এলাকায় প্রশংসিত হয়েছে।

মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন খোরশেদ আলম

আহনাফ হামিম, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন খোরশেদ আলম

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের প্রশাসক (সদস্য) হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষক খোরশেদ আলম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক অনুমোদনের ভিত্তিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকায় হোয়ানক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

খোরশেদ আলম হোয়ানক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি এবার জনপ্রতিনিধিত্বমূলক দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।

এলাকার মানুষের প্রত্যাশা, নতুন দায়িত্বে খোরশেদ আলম তাঁর মেধা, সততা, সাহস ও কর্মদক্ষতা দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন। নাগরিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, এলাকার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

নতুন এ দায়িত্বে খোরশেদ আলমকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।