খুঁজুন
, ,

বিদেশি ইশারায় দেশ ভাগের ষড়যন্ত্র রুখতে ভোটের ঐক্যের ডাক জোনায়েদ সাকির

রায়হান আহামেদ সোহান, বাঞ্ছারামপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
বিদেশি ইশারায় দেশ ভাগের ষড়যন্ত্র রুখতে ভোটের ঐক্যের ডাক জোনায়েদ সাকির

জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিস্ট শক্তি দেশকে বিভক্ত করে বিদেশি নেতৃত্বে শাসন কায়েম করতে চেয়েছিল। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম মুসার সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, সিরাজুল ইসলাম সিরাজ, বেলাল উদ্দিন সরকার, সালেম মূসা, হারুনুর রশিদ আকাশসহ জোটের নেতৃবৃন্দ।

জোনায়েদ সাকি বলেন, আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি দেশের গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিজেরা ভোট জালিয়াতি করবো না, কাউকে করতেও দেবো না। ভোট প্রদান শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রেই অবস্থান করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ১৯৭১ সালে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। বৈষম্যহীন সমাজ গড়তে তরুণদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার।
সাকি আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। সারা দেশে প্রবাসী রেমিট্যান্সে বাঞ্ছারামপুর প্রথম স্থানে থাকলেও এখানকার রাস্তাঘাটের অবস্থা এখনো নাজুক। মেঘনা নদীর ওপর সেতু নির্মিত হলে বাঞ্ছারামপুর শিল্প ও বাণিজ্যের বড় কেন্দ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের বাংলাদেশ। নারীদের নিরাপত্তা, শিশুদের সুন্দর ভবিষ্যৎ এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি। আগামী ১২ তারিখে মাথাল প্রতীকের বিজয়ের মাধ্যমে জোট সরকার গঠন হলে বাঞ্ছারামপুরের ন্যায্য দাবি আদায় সম্ভব হবে বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি।

নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ণ
নড়াইলে বিএনপির শোডাউনে হামলা, নিহত ২

বাঁ থেকে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় বটতলা মোড়ে শোডাউন কর্মসূচিতে অংশগ্রহণকারী বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ঘটায় দুইজন নিহত এবং বহু আহত হয়েছেন।

হত্যার শিকার হলেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ, বয়স ৪০, এবং যুবদলকর্মী সোহেল মোল্লা, বয়স ৪৫।

পুলিশ ও স্থানীয় সূত্রের মতে, শোডাউন ও বিক্ষোভের অংশ হিসেবে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন চালাচ্ছিলেন। তাদের বহর বটতলা মোড়ে পৌঁছালে অপরিচিত আক্রমণকারীরা হঠাৎ আক্রমণ চালায়, ফলে শাহিনুর ও সোহেল গুরুতর আহত হন।

স্থানীয় মানুষ দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়; অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেষ পর্যন্ত হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলি এ ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, জড়িত ব্যক্তিদের ওপর তদন্ত চলছে। প্রাথমিক ধারণা অনুসারে, নিষিদ্ধ সংগঠন ও তার সহযোগী গোষ্ঠীর সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।

৭৬ দিন পর কারামুক্তি পেলেন প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আবদুল্লাহ।

শেখ মোরশেদ আলম জিসান গাজীপুর মাল্টিমিডিয়া রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
৭৬ দিন পর কারামুক্তি পেলেন প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আবদুল্লাহ।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া কলেজছাত্র সিফাত আবদুল্লাহ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৭৬ দিন কারাভোগ শেষে বুধবার (১৮ নভেম্বর) কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার আইনজীবী নাসের আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর গাজীপুরের নিজ বাসা থেকে পুলিশ সিফাতকে আটক করে। পরে গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সিফাতের আইনজীবীরা দাবি করে আসছেন, মামলার এজাহারে বিদ্যুৎ বিল নিয়ে তার মন্তব্যের কোনো উল্লেখ নেই। তাদের অভিযোগ, রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাকে আগের একটি মামলায় জড়ানো হয়েছে।

এর আগে দুই দফায় সিফাতের জামিন আবেদন নাকচ হয়। গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ তার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।

পরবর্তীতে সিফাতের আইনজীবীরা হাইকোর্টে জামিনের আবেদন করেন। শুনানি শেষে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। আদালতের জামিন আদেশের পরিপ্রেক্ষিতে বুধবার কারামুক্ত হন সিফাত আবদুল্লাহ।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমির নির্বাচিত হলেন মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

মো:আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমির নির্বাচিত হলেন মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁর নির্বাচনের মধ্য দিয়ে উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে নতুন নেতৃত্বের সূচনা হলো।

এদিকে, মাওলানা ছলিম উল্লাহ জিহাদী আমির নির্বাচিত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

তবে নির্বাচন প্রক্রিয়া, মেয়াদ ও নতুন কমিটির অন্যান্য পদে কারা দায়িত্ব পেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।