ব্রাহ্মণবাড়িয়ায় এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদা আদায়ের চেষ্টা ও অসদাচরণের অভিযোগ উঠেছে আসাদুজ্জামান বিপ্লব নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দুপুরে নবীনগর-রাধিকা সড়কের আলীয়াবাদ মোড়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিপ্লব নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, একটি মাইক্রোবাসে করে উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাওয়ার পথে আলীয়াবাদ মোড়ে তাদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করা হয়। গাড়িটি জরুরি পরিষেবার আওতাভুক্ত ও ইজারামুক্ত জানালে, সেখানে পৌর যুবদল নেতা বিপ্লব এসে সাংবাদিকদের সাথে চরম অসদাচরণ করেন এবং মারমুখী আচরণ করে চাঁদা আদায়ের চেষ্টা চালান। এ সময় তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান।
তবে সংসদ সদস্য আব্দুল মান্নান এই পরিচয় সম্পূর্ণ ভুয়া উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার কোনো ভাতিজা নেই। পৌর কর্তৃপক্ষকে দ্রুত এই ইজারা বাতিল করতে বলা হয়েছে।”
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাকিবুল ইসলাম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত এবং উক্ত ইজারাটি বাতিলের আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে।” এছাড়া ইজারাদার জাবেদুল ইসলামও ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে, সাংবাদিকদের সাথে অসদাচরণের জন্য অভিযুক্ত বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন
[gs-fb-comments]