খুঁজুন
, ,

শিক্ষার্থী ও আন্দোলনকারীদের প্রতিবাদের মুখেই বাতিল হলো ফরিদপুরের সিভিল সার্জনের পদায়ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
শিক্ষার্থী ও আন্দোলনকারীদের প্রতিবাদের মুখেই বাতিল হলো ফরিদপুরের সিভিল সার্জনের পদায়ন

ফরিদপুরের নবনিযুক্ত সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহীর পদায়ন আদেশ বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বাস্থ্যসেবা বিভাগের গত ৮ সেপ্টেম্বরের আদেশে স্বাস্থ্য অধিদপ্তর (মহাখালী, ঢাকা) থেকে ডা. এস এম মনজুর-এ-এলাহীকে (৪০৩৭৭) ফরিদপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছিল। জনস্বার্থে সেই আদেশের প্রয়োজনীয় অংশটুকু বাতিল করা হয়েছে এবং এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর ডা. এস এম মনজুর-এ-এলাহীর নিয়োগ বাতিলের দাবিতে ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের মূল ফটক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ‘সচেতন ছাত্র সমাজ’-এর ব্যানারে আন্দোলনকারীরা। এ সময় তারা দ্রুত ওই নিয়োগ বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদ জানান। আন্দোলনকারীদের এই প্রতিবাদের পরদিনই মন্ত্রণালয় থেকে তার পদায়ন বাতিলের এই সিদ্ধান্ত এলো।

খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

মাস্টার আব্দুল কাদের স্টাফ রিপোর্টার
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে এ ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন সৈয়দ দিদারুল করিম বিপ্লব অভিযোগ করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তাঁকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা।

এ বিষয়ে পুলিশের বক্তব্য এবং হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গণমাধ্যমকে দ্বিখণ্ডিত গণতন্ত্র ও সার্বভৌমত্বে আঘাত: থামাতে রংপুর সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ

মোঃ মাইদুল ইসলাম
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
গণমাধ্যমকে দ্বিখণ্ডিত গণতন্ত্র ও সার্বভৌমত্বে আঘাত: থামাতে রংপুর সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ

দৈনিক আমার দেশ পত্রিকার কপি ফেসবুক লাইভে ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) ও রংপুর রিপোর্টার্স ক্লাব।

সংগঠন দুটির পক্ষ থেকে দেওয়া প্রতিবাদী বক্তব্যে বলা হয়েছে, গণমাধ্যমকে দ্বিখণ্ডিত করার অর্থ হলো গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দ্বিখণ্ডিত করার ঘৃণ্য অপপ্রয়াস। যারা এ ধরনের অপপ্রয়াস চালিয়েছে, তারা কখনো জয়ী হয়নি; বরং জয়ী হয়েছে গণমাধ্যম ও গণতন্ত্র।

বক্তব্যে আরও বলা হয়, এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) ও রংপুর রিপোর্টার্স ক্লাব। আমরা মনে করি, এই অর্বাচীন কর্মকাণ্ড এখনই থামানো উচিত। অন্যথায় এর পৃষ্ঠপোষকদের পস্তাতে হবে।

উল্লেখ্য, দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে ফেসবুক লাইভে এসে পত্রিকাটির একটি কপি ছিঁড়ে ফেলেন রাশেদ খান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাদেকুজ্জামান সালেক ও সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান এ প্রতিবাদী অবস্থানের কথা জানান।

প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন দাউদকান্দির কৃতী সন্তান আব্দুস সাত্তার

হোসাইন মোহাম্মদ দিদার
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য হলেন দাউদকান্দির কৃতী সন্তান আব্দুস সাত্তার

বাংলাদেশের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন কুমিল্লার দাউদকান্দি পৌরসভার কৃতী সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুস সাত্তার।
ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের একটি সভায় অংশগ্রহণ করেন। শনিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর(ভিসি) শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন আব্দুস সাত্তার। উচ্চশিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এদিকে দাউদকান্দির কৃতী সন্তান আব্দুস সাত্তার প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য হওয়ায় স্থানীয়ভাবে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জনে দাউদকান্দি পৌরসভার ভক্ত, অনুরাগী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর এ নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের উচ্চশিক্ষার বিকাশে অবদান রাখার পাশাপাশি দাউদকান্দির ভাবমূর্তিও আরও উজ্জ্বল হবে।