হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি ইরানের, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইসলামিক বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এবার আর সংযম দেখাবে না ইরান। প্রয়োজনে পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী।
সোমবার এক বিবৃতিতে আইআরজিসি অভিযোগ করে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল দীর্ঘদিন ধরে তেহরানের স্কুল, ত্রাণ কেন্দ্র ও হাসপাতালে হামলা চালিয়ে আসছে। এতদিন সরাসরি জবাব না দিলেও এবার আর তা সহ্য করা হবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।
আইআরজিসি আরও হুঁশিয়ারি দেয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট প্রতিটি জ্বালানি অবকাঠামোতে নজিরবিহীন মিসাইল হামলা চালানো হতে পারে।
অন্যদিকে, স্কট বেসেন্ট হরমুজ প্রণালী নিয়ে ইরানকে পাল্টা হুমকি দিয়েছেন। তিনি বলেন, প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।
চলমান যুদ্ধের তৃতীয় সপ্তাহে ইসরাইলি বাহিনীর হামলা আরও জোরদার হয়েছে। সোমবার ভোরে রাজধানী তেহরানসহ আশেপাশের এলাকায় একাধিক দফায় হামলা চালানো হয়, এতে হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বাহিনী লেবাননেও হামলা চালিয়েছে। দেশটির কাসিমিয়া সেতু ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আইআরজিসি নতুন প্রজন্মের মিসাইল ব্যবহার করে শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সোমবার ভোরে বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করার দাবি করেছে ইসরাইল। এছাড়া সৌদি আরব, কাতার এবং কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের মিসাইল ও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। লক্ষ্যবস্তু করা হচ্ছে মার্কিন ঘাঁটিগুলো।
পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। সংস্থাটির পরিচালক ফাতিহ বিরোল সতর্ক করে বলেছেন, চলমান সংঘাতে ইতোমধ্যে অন্তত ৪০টি জ্বালানি স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব থেকে বিশ্বের কোনো দেশই রক্ষা পাবে না।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]