ঢাকার বুকে কক্সবাজারের বিএনপি নেতাকর্মীদের ঢল, রাতে যাচ্ছে বিশেষ ট্রেন
রাত পোহালেই দেড় যুগেরও বেশি অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিএনপির লাখো নেতাকর্মীর। লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় ইতোমধ্যেই কক্সবাজার জেলা বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, একদিন আগেই কক্সবাজার জেলার প্রায় ১৫ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। সব মিলিয়ে আগামী ২৫ ডিসেম্বর সকালে পূর্বাচলে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে কক্সবাজার জেলা থেকে ২০ হাজারেরও বেশি নেতাকর্মীর উপস্থিতি থাকবে বলে জানিয়েছে বিএনপি।
ইতোমধ্যে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ জেলার শীর্ষ নেতৃবৃন্দ এবং সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা রাজধানীতে অবস্থান করছেন।
এদিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে পূর্বাচলে তিনশ ফিট দৈর্ঘ্যের মঞ্চের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন—
“২৫ ডিসেম্বর দেড় যুগের প্রতীক্ষার অবসান। দেশের প্রয়োজনে রক্তস্নাত উর্বর মাটির ভূমিপুত্র তারেক রহমান ফিরছেন। আবেগ, প্রত্যাশা ও ভালোবাসায় মানবসমুদ্রে রূপ নেবে লাল-সবুজের বাংলাদেশ।”
তিনি আরও জানান, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রা করবে। ট্রেনটির ৫০৪টি আসনে তালিকাভুক্ত নেতাকর্মীরা টিকিট কেটে যাত্রা করবেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে কক্সবাজারসহ সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]