খুঁজুন
, ,

গণঅধিকার পরিষদের প্রার্থী আলামিন মাহমুদীর মনোনয়ন ফরম সংগ্রহ

রায়হান আহামেদ সোহান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
গণঅধিকার পরিষদের প্রার্থী আলামিন মাহমুদীর মনোনয়ন ফরম সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চলছে অনেক সমঝোতা, বিএনপির সাথে গনঅধিকার পরিষদের দুইটি আসন নিয়ে এমন সমঝোতা মানতে নারাজ অনেক আসনের প্রার্থী। বুধবার (২৪ই ডিসেম্বর) সকালে বিএনপি-র মহাসচিব বলেন, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নূরের সাথে ও ঝিনাইদহ-৪ আসনে রাসেদ খানের সাথে বিএনপির কোন প্রার্থী থাকবে না। এমন ঘোষণা পেয়েও গনঅধিকার পরিষদের অনেক আসনের মনোনীত প্রার্থীরা কোন ভাবেই মানতে পারছেন না, অনেকের চাওয়া একক ভাবে নির্বাচন করলে ভালো হতো গনঅধিকার পরিষদের।

তারই পরিপ্রেক্ষিতে আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদীর মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলটির সভাপতি ভিপি নুরুল হক নূরের কাছ থেকে। বুধবার (২৪ই ডিসেম্বর) বিকেলে গনঅধিকার পরিষদের পার্টি অফিস থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী।

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে চলছে লড়াই, বুধবার (২৪ই ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ঘোষণা দেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকির সাথে সমঝোতা করে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি মনোনীত কোন প্রার্থী থাকবে না। মাতাল মার্কা নিয়ে একক ভাবে নির্বাচন করতে পারবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

গনঅধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে অনেক নেতাকর্মীরা বলেন, “নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থী, দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ সবাই নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আমরা আশাবাদী, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং ট্রাক প্রতীকের গণজোয়ার সৃষ্টি হবে।” ট্রাক মার্কার প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আলামিন মাহমুদী দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। আমরা চায় তিনি বাঞ্ছারামপুরের জন্য কিছু করুক।

মনোনয়ন বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলামিন মাহমুদী বলেন, নির্বাচন কমিশনের বিধি-বিধান মেনেই আমি মনোনয়ন ফরম উত্তোলন করেছি। নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে, ইনশাআল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

হাইকোর্টে রিট: আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১:১১ অপরাহ্ণ
হাইকোর্টে রিট: আ.লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি

 

জাতীয় সংসদে আইন পাসের মাধ্যমে অথবা সংবিধানের ধারা ৯৩ অনুযায়ী অধ্যাদেশ জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে।

বুধবার, জুলাই-আগস্ট ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আহত আটজনের পক্ষে আইনজীবী এ.এস.এম. শাহরিয়ার কবির হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদনটি দাখিল করেন। রিটকারীরা হলেন গুলিবিদ্ধ হয়ে আহত এম.এস. মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া এবং মো. মনির হোসেন।

সংবিধানের ধারা ১০২(২) অনুসারে রিটে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন ও বিচার, মন্ত্রিপরিষদ, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএফআইইউ প্রধানসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়েছে যে, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন (এসআরও নং ১৩৭-আইন/২০২৫) অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে। রিটকারীরা যুক্তি দেন, এই আদেশ সাময়িক হওয়ায় সংসদে আইন পাস বা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ, সম্পদ বাজেয়াপ্ত এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার প্রয়োজন।

আবেদনে উল্লেখ করা হয়েছে যে, ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো সত্ত্বেও কোনো পদক্ষেপ না নেওয়ায় রিট দাখিল করা হয়। রিটে সাম্প্রতিক সহিংসতা ও রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ তুলে বলা হয়েছে যে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ১০ নভেম্বর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও তার নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতাল ও সরকারি-বেসরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছেন। উদাহরণস্বরূপ, ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও, ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় দুই নেতা হত্যা, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতার হত্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্যের হাসপাতাল আক্রমণ, সংসদ সদস্য এস.এম. জিলানীর বাসভবনে হামলা, নভেম্বরের মাঝামাঝি গ্রামীণ ব্যাংকের শাখাগুলিতে হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ইত্যাদি উল্লেখ করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়েছে যে, ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলে উল্লেখ করেছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ কর্তৃক অনুপস্থিতিতে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ দলটির পলাতক নেতারা আগস্ট ২০২৪ থেকে ভারতে অবস্থান করে অডিও বার্তা, টেলিফোন ও আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বাংলাদেশে সহিংসতা ও সরকার উৎখাতের নির্দেশনা দিচ্ছেন বলে রিটে অভিযোগ করা হয়েছে।

টেলিভিশন টকশো ও সামাজিক মিডিয়ায় যারা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দিচ্ছেন এবং ‘জুলাই যোদ্ধা’কে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যায়িত করছেন, তাদের ও সংশ্লিষ্ট চ্যানেলগুলোর বিরুদ্ধে পি.সি. ও সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে স্বরাষ্ট্র, তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসিকে নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। একই সঙ্গে অনলাইন ও সামাজিক মিডিয়া থেকে দলটির সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অপসারণ বা ব্লক করা এবং সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নকারী ও সমর্থকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১৯৫৬ সালের কমিশন অব ইনকোয়ারি আইনের অধীনে একটি স্বাধীন বিচারিক তদন্ত কমিটি গঠনের আবেদন করা হয়েছে। এই কমিটি ১৯৭২-১৯৭৫ রক্ষীবাহিনীর কর্মকাণ্ড, সিরাজ সিকদার হত্যাকাণ্ড, ২০০৯ পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ শাপলা চত্বর অভিযান, ২০০৯-২০২৪ গুম-খুন, প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার, সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে অগ্নিসংযোগ ইত্যাদি বিষয় তদন্ত করে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেবে। এছাড়া দলটির অর্থের উৎস ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান চিহ্নিত করে তহবিল জব্দের জন্য বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউকে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি সরকার ও দূতাবাসকে দলের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ধারা ২১৯ অনুযায়ী দলটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ হিসেবে তালিকাভুক্ত করার অনুরোধ করা, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধে ভারতকে আনুষ্ঠানিক অনুরোধ করা এবং দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ ট্রাইব্যুনালের আসামিদের প্রত্যর্পণে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

শ্রমিকদের যৌক্তিক দাবির আন্দোলনের সরকার আন্তরিক গাজীপুর বিএনপি নেতা কামাল উদ্দিন

শেখ মোরশেদ আলম জিসান. স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পূর্বাহ্ণ
শ্রমিকদের যৌক্তিক দাবির আন্দোলনের সরকার আন্তরিক গাজীপুর বিএনপি নেতা কামাল উদ্দিন

গাজীপুরে দীর্ঘদিন ধরে চলমান শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটছে। সোমবার দিনভর জেলার বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কোথাও কোথাও সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। একপর্যায়ে অবরোধমুক্ত করতে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ডবাজার সাইনবোর্ড ও মালেকের বাড়ি এলাকাতেও শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানাকে হামলা ও নাশকতা থেকে রক্ষার লক্ষ্যে গাছা থানা বিএনপি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, শ্রমিকদের যৌক্তিক আন্দোলন ও ন্যায্য অধিকার আদায়ের দাবির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমত পোষণ করে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সরকার আন্তরিক বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবীর বিষয় সরকার আন্তরিক । নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার একটি সুন্দর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা ব্যক্ত করেন। শ্রমিকদের ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে চলে যাওয়ার আহ্বান জানান তিনি।

মোঃ কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, শ্রমিক আন্দোলনকে পুঁজি করে সরকারকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি অংশ সহিংসতা ও নাশকতার চেষ্টা করছে। ডিসেম্বরকে কেন্দ্র করে দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা রয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, গাজীপুরে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সুবিধা করতে না পেরে শ্রমিক আন্দোলনে অনুপ্রবেশ করে কিছু ব্যক্তি নাশকতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে এবং পুলিশের ওপর হামলা চালাচ্ছে।

শ্রমিকদের উদ্দেশে কামাল উদ্দিন বলেন, পোশাক কারখানা ও শিল্প কারখানা গুলো শ্রমিকদের নিজেদের নিরাপত্তা দিতে হবে কারণ সেটি শ্রমিকদের স্থান শিল্প কারখানা ধ্বংসযজ্ঞ হামলা চালালে নিজেদের ক্ষতি হবে এবং আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারী ও উসকানিদাতাদের চিহ্নিত করতে হবে। কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উসকানিতে পা না দিয়ে নিজেদের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ ভাবে নিজ নিজ কর্মস্থানে ফিরে যেতে হবে এবং সরকারের পাশে থেকে সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, শ্রমিকরাই বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে—এ কথা উল্লেখ করে তিনি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কামাল উদ্দিন আরও বলেন, জনজীবনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করতেই গাছা থানা বিএনপির এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তি, শৃঙ্খলা ও নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সরকারে থেকে নিষিদ্ধ সংগঠনের প্রচার, বিতর্কের কেন্দ্রে এনআরবি কর্মকর্তা মাহমুদ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
সরকারে থেকে নিষিদ্ধ সংগঠনের প্রচার, বিতর্কের কেন্দ্রে এনআরবি কর্মকর্তা মাহমুদ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা (Assistant Revenue Officer) মাহমুদ আল হোসাইনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও প্রচারণায় অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে—এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে নানা আলোচনা চলছে।

 

অভিযোগ রয়েছে, মাহমুদ আল হোসাইন ২০১৮ সালের ডিসেম্বর মাসে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে যোগ দেন। চাকরিতে যোগদানের পর তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রতি তার ঘনিষ্ঠতা ও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ ওঠে। একই সঙ্গে প্রতিপক্ষকে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

 

সম্প্রতি তার ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও শেয়ারের বিষয় সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পোস্ট শেয়ারসহ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়ার মতো কর্মকাণ্ড তার ফেসবুক কার্যক্রমে দেখা যায়।

 

এ ছাড়া বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জুলাই-আগস্টের আন্দোলনের নেতাদের নিয়েও তার বিভিন্ন ব্যঙ্গাত্মক ও সমালোচনামূলক মন্তব্যের অভিযোগ রয়েছে। সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েও তার সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণা ছড়ানোর অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা।

 

শুধু রাজনৈতিক বক্তব্য নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নারীকে নিয়ে আপত্তিকর ও চরিত্রহননমূলক মন্তব্য করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদী ও সংগঠনটির নেত্রী ফাতেমা তাসনীম জুমাকে নিয়ে তার করা কিছু পোস্ট নিয়েও সমালোচনা দেখা দিয়েছে।

 

সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে **সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫**-এ বিধিনিষেধ রয়েছে। সরকারি চাকরিতে থাকা ব্যক্তিদের রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার ক্ষেত্রে এসব বিধি প্রযোজ্য। ফলে একজন সরকারি কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক প্রচার-প্রচারণা কিংবা কোনো রাজনৈতিক পক্ষের প্রকাশ্য সমর্থন বা বিরোধিতা বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

 

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় ধরনের পরিবর্তন আসে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির রাজনৈতিক কর্মকাণ্ড ও সংশ্লিষ্টতার বিষয়ে নতুন করে নানা আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে এনবিআরের একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ ওঠায় বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অনেকে।

 

অভিযোগকারীদের প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে মাহমুদ আল হোসাইনের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড সরকারি কর্মচারীদের আচরণবিধির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো কতটা সত্য—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন।

 

এ বিষয়ে মাহমুদ আল হোসাইনের বক্তব্যর জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ব্যবহিত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।