সালথায় আওয়ামী লীগ ছাড়লেন পাঁচ নেতা, শতাধিক কর্মী নিয়ে খেলাফত মজলিসে যোগদান
ফরিদপুরের সালথা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগ থেকে পাঁচ নেতার পদত্যাগ ও বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান। তাদের সঙ্গে শতাধিক নেতাকর্মীও নতুন দলে যুক্ত হয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগ ও যোগদানের ঘোষণা দেওয়া হয়।
যারা আওয়ামী লীগ ত্যাগ করে খেলাফত মজলিসে যোগ দিয়েছেন তারা হলেন— রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, সালথা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর এবং আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিরাজ মোল্যা। তিনি বলেন, দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তারা নতুন রাজনৈতিক পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। ফরিদপুর জেলার বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ আকরাম আলীর প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে তারা বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “আমি ও আমার সঙ্গে থাকা পাঁচজন নেতা এবং কয়েক শতাধিক কর্মী কোনো ধরনের চাপ, লোভ বা প্ররোচনায় নয়— সম্পূর্ণ স্বেচ্ছায় ও আদর্শগত কারণে আওয়ামী লীগ ত্যাগ করে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছি।”
সিরাজ মোল্যার দাবি, খেলাফত মজলিসের নেতৃত্ব, রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক দৃষ্টিভঙ্গি তাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে দলের নির্দেশনা অনুযায়ী তারা মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে স্লোগানের মাধ্যমে খেলাফত মজলিসের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যোগদান সালথা উপজেলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতিতে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]