মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত
দেশের রাজনীতিতে বিরল সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (চরমোনাই পীর) নিজে নির্বাচনে অংশ নিচ্ছেন না। সে কারণে দলটির দ্বিতীয় শীর্ষ নেতা মুফতি ফয়জুল করীমের প্রতি সম্মান জানিয়ে জামায়াত ওই আসন থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।
ডা. তাহের আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরুতে একটি নির্বাচনি ঐক্য গঠনের উদ্যোগ নিয়েছিল। রাজনৈতিক বাস্তবতায় তারা জোটে থাকতে না পারলেও জামায়াতের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক শুভকামনা রয়েছে।
উল্লেখ্য, এর আগেও ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌজন্যের পরিচয় দিয়ে জামায়াতে ইসলামীর আমিরের আসনে কোনো প্রার্থী দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখতেই এই পাল্টা ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও বর্তমানে দুই দল আলাদাভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তবুও এই সিদ্ধান্ত নির্বাচনি মাঠে একটি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা দিয়েছে, তারা ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করবে এবং বাকি ৩২টি আসনে অন্যান্য দলের যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে। অপরদিকে, জামায়াতে ইসলামী তাদের নির্বাচনি জোট এনসিপির মাধ্যমে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে।
এমন প্রেক্ষাপটে দুই ইসলামী ঘরানার দলের এই কৌশলগত সৌজন্য তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ডা. তাহের বলেন, দেশের ক্রান্তিলগ্নে বৃহত্তর স্বার্থে এ ধরনের রাজনৈতিক সৌজন্য বজায় রাখতে জামায়াত বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]