সাহাপুরে রাতের আধারে কেরোসিন ঢেলে বসতঘরে আগুন ও তিতাস থানায় লিখিত অভিযোগ।
কুমিল্লার তিতাস উপজেলার সাহাপুর চকের পাড়া এলাকায় একটি বসতঘরে অনধিকার প্রবেশ করে কেরোসিন ঢেলে আগুন দেওয়া, স্বর্ণালংকার ছিনতাই ও প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গত ১২ আগস্ট (২০২৬) গভীর রাতে (আনুমানিক ২:০০ টায়) সাহাপুর ছকের পাড়া এলাকায় এ সহিংসতার ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ ও পারিবারিক কলহ
অভিযোগসূত্রে জানা যায়, সাহাপুর ছকের পাড়া এলাকার গৃহিণী সেলিনা বেগম (৩৫) প্রায় ৪ বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক তার মেয়ে সুবর্ণাকে নাজমুল ওরফে মনা (২৮)-এর সাথে বিবাহ দেন। তাদের ৩ বছর ৬ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
অভিযোগকারীর দাবি, বিবাদী নাজমুল ও তার সহযোগী আসিফ (২৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকার যোগান ও মাদকসেবন কেন্দ্রিক পারিবারিক কলহের জেরে নাজমুল প্রায়ই সুবর্ণার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
অনধিকার প্রবেশ, অগ্নিসংযোগ ও ছিনতাই
ঘটনার দিন গভীর রাতে (আনুমানিক রাত ২:০০ টায়) ১ নং বিবাদী নাজমুল ও ২ নং বিবাদী আসিফ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে সঙ্গে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে সেলিনা বেগমের বসতঘরে অনধিকার প্রবেশ করে। এরপর তারা ঘরের একটি খাবারের কক্ষে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।
আগুনের তীব্রতা ও শব্দে পরিবারের লোকজন ঘুম থেকে জেগে উঠলে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেলিনা বেগম ১ নং বিবাদী নাজমুলকে ধরে ফেলার চেষ্টা করলে, নাজমুল জোরপূর্বক তার গলা থেকে ১০ আনা ওজনের সোনার চেইন (যার আনুমানিক মূল্য ১,২৬,৭০০ টাকা) ছিনিয়ে নিয়ে সটকে পড়ে।
ক্ষয়ক্ষতি ও প্রাণনাশের হুমকি
অগ্নিসংযোগে ভুক্তভোগী পরিবারের ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর থেকে অভিযুক্তরা মামলা বা কোনো আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য পুরো পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে আসছে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
আইনি পদক্ষেপ: এ বিষয়ে তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সেলিনা বেগম। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]