খুঁজুন
, ,

ইউএনওর গাড়ি নিয়ে ভাড়া বাসায়, চালকসহ তিন নারী আটক

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
ইউএনওর গাড়ি নিয়ে ভাড়া বাসায়, চালকসহ তিন নারী আটক

শরীয়তপুর পৌরসভার একটি ভাড়া বাসা থেকে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচালক মো. বাদশা সরদারসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। বাসাটি থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে পৌরসভার পাকার মাথা এলাকার ওই বাসা থেকে তাদের আটক করা হয়। এর আগে স্থানীয় লোকজন তাদের আটকে রেখে পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় যোগ দিতে শরীয়তপুরে আসেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন আইয়ুবী। তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নামিয়ে দেওয়ার পর সরকারি গাড়ি নিয়ে পাকার মাথা এলাকার ওই ভাড়া বাসায় যান গাড়িচালক বাদশা সরদার। বাসাটিতে তিন নারী ভাড়া থাকতেন। তার সেখানে যাতায়াত নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা বাসায় গিয়ে চালকসহ তিন নারীকে আটক করেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত মাসে ওই তিন নারী বাসাটি ভাড়া নেওয়ার পর থেকে সেখানে বিভিন্ন পুরুষের যাতায়াত ছিল। বাদশা সরদারকেও বিভিন্ন সময় ওই বাসায় যেতে দেখা গেছে বলে দাবি করেন তারা।

বাসাটির কেয়ারটেকার জানান, বাদশা সরদার ওই তিন নারীকে নিজের খালাতো বোন পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিতে সহায়তা করেন। এরপর থেকে তিনি নিয়মিত সেখানে যাতায়াত করতেন।

আটক নারীদের একজন বলেন, বাদশা তার ভাই হন এবং সেই সম্পর্কেই বাসায় আসতেন। তার অভিযোগ, স্থানীয় কয়েকজন বাসায় ঢুকে তাদের কাছে টাকা চান। টাকা না দেওয়ায় তারা ঘরের ভেতরে মাদক সেবনের সরঞ্জাম রেখে পুলিশকে খবর দেন।

তবে বাদশা সরদারের দাবি, ওই নারীরা তার আত্মীয় নন; তাদের সঙ্গে পরিচয় ছিল। তারা অনেক দিন ধরে বাসা ঠিক করে দেওয়ার অনুরোধ করছিলেন। রোববার সভার কাজে শরীয়তপুরে এসে ইউএনওকে নামিয়ে দেওয়ার পর তাদের সঙ্গে কথা বলতে বাসায় যান তিনি। সেখানে যাওয়ার পর স্থানীয় কয়েকজন এসে দরজায় কড়া নাড়েন। দরজা খোলার পর তারা বাসাটিতে অনৈতিক কর্মকাণ্ড হয় বলে অভিযোগ করেন। সেখানে কী ঘটছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

পালং মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস শুকুর বলেন, ওই বাসায় অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের খবর পেয়ে পুলিশ যায়। সেখান থেকে মাদক সেবনের কিছু সরঞ্জামসহ তিন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন আইয়ুবী জানান, বিষয়টি জানার পর তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তার দপ্তর থেকেও ব্যবস্থা নেওয়া হবে।

দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ড. খন্দকার মারুফ হোসেন

হোসাইন মোহাম্মদ দিদার:
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
দাউদকান্দির ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ড. খন্দকার মারুফ হোসেন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।
রোববার (১৮ অক্টোবর) তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে উৎসব উদ্‌যাপনের বিষয়টি গুরুত্ব পায়।

দাউদকান্দিতে স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের মেধাবী অন্বেষণ ও শিক্ষা উপকরণ বিতরণ

হোসাইন মোহাম্মদ দিদার:
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
দাউদকান্দিতে স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের মেধাবী অন্বেষণ ও শিক্ষা উপকরণ বিতরণ

‘শিক্ষাই গড়বে সোনার বাংলা’ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ‘স্বপ্নছোঁয়া মেধাবী অন্বেষণ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে নোয়াগাঁও স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার নোয়াগাঁও ক্যামব্রিয়ান স্কুলে এ আয়োজন করা হয়।

স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের সভাপতি মো. ইমরান হোসেন বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. বাবুল খন্দকার।

এ সময় শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিয়ে তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার এবং ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করার লক্ষ্যে স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের এ উদ্যোগ। শুধু শিক্ষা উপকরণ বিতরণ নয়, বরং শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে শেখানো, তাদের সম্ভাবনাকে বিকশিত করা এবং একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম উদ্দেশ্য।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. জাকির হোসেন, আলমগীর হোসেন, মো. শাকিল চৌধুরী, মো. আল আমিন, মো. রেজাউল করিম , মো. মাজহারুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নছোঁয়া যুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাসেল এনাম রনি।

শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতা করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

আশুলিয়ায় ডিবির অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ

মোঃ হাফিজুর রহমান, আশুলিয়া প্রতিনিধিঃ
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:২৪ অপরাহ্ণ
আশুলিয়ায় ডিবির অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ

ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে ৫২ কেজি গাঁজাসহ মো. জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ জব্দ করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে সাভারে ঢাকা জেলা ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন কবিরপুর রেডিও কলোনী জামে মসজিদের সামনে সড়কে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি পিকআপে গাঁজা নিয়ে চন্দ্রা থেকে বাইপাইলের দিকে আসা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে কবিরপুর রেডিও কলোনী এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পিকআপ থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা নীল রঙের নম্বরপ্লেটবিহীন ফোটন পিকআপটির আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

গ্রেপ্তার জামাল মিয়া ওরফে সেলিম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগজ এলাকার বাসিন্দা। ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার বিরুদ্ধে আগে তিনটি মাদকদ্রব্য-সংক্রান্ত মামলা ও একটি চুরির মামলা রয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি-উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমানসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।