মেঘনা উপজেলা বিএনপির দায়িত্ব থেকে রমিজকে অব্যাহতি, নতুন দায়িত্বে আব্দুল অদুদ মুন্সী
কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন দলটির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল অদুদ মুন্সী। উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনীকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর তাকে এ দায়িত্ব পালনের অনুরোধ জানিয়েছে বিএনপির কুমিল্লা উত্তর জেলা শাখা।
মঙ্গলবার (২০ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিএনপির বিভিন্ন কমিটিতে পদ-পদবি দেওয়ার নামে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে রমিজউদ্দিন লন্ডনীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এ পরিপ্রেক্ষিতে তাকে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
এদিকে, নতুন দায়িত্ব পাওয়া আবদুল অদুদ মুন্সী বলেন, “দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে চাই। দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করব। তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মেঘনা উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করতে চাই।”
চিঠির অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের কাছে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]