খুঁজুন
, ,

শরীয়তপুরে হোটেল থেকে শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার গ্রেপ্তার

রবিউল মোল্লা শরীয়তপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
শরীয়তপুরে হোটেল থেকে শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জে আবাসিক হোটেল থেকে স্কুলশিক্ষক আবুল বাশারের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ম্যানেজার আতাউর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে এসআরবি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির। এর আগে বুধবার নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় এসআরবি-৮ ও এসআরবি-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আতাউর রহমান নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছালেহ আহম্মেদের ছেলে। তিনি আবাসিক হোটেলে ম্যানেজার হিসেবে কর্মরত। এদিকে নিহত আবুল বাশার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার দেউলিয়াবাড়ি এলাকার মৃত জনাব আলী তালুকদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এসআরবি জানায়, মঙ্গলবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলায় থানা সংলগ্ন ঢাকা আবাসিক হোটেল থেকে আবুল বাশার নামে এক স্কুলশিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর নিহতের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে ওই দিন ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় আবাসিক হোটেলের ম্যানেজার আতাউর রহমানকে প্রধান আসামি করা হয়।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি-৮। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮ কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির বলেন, ভেদরগঞ্জে স্কুলশিক্ষক আবুল বাশার হত্যা মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এসআরবি-৮ ও এসআরবি-১১ যৌথ অভিযানে মামলার প্রধান আসামি আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আতাউর রহমানকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

প্রসঙ্গত, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় আবুল বাশারের পূর্বপুরুষদের বাড়িতে বেড়াতে এসে রোববার রাতে স্ত্রীকে সর্বশেষ মোবাইলে কল করেন। এক বন্ধুর বাসায় থাকার কথা জানান তিনি। এরপর তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সোমবার তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্ত্রীকে কল করে আহত হওয়ার কথা জানিয়ে প্রথমে ২ হাজার টাকা এবং পরে একটি রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি কালিয়াকৈর থানায় জানানো হলে পুলিশ মোবাইলের অবস্থান শনাক্ত করে ভেদরগঞ্জে তার অবস্থান জানতে পারে। পরে পরিবারের সদস্যরা ভেদরগঞ্জ থানায় আসেন। সেখানে পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে আবাসিক হোটেল থেকে আবুল বাশারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

রায়হান আহমেদ সোহান ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় এমপির ভাতিজা পরিচয়ে সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে চাঁদা আদায়ের চেষ্টা ও অসদাচরণের অভিযোগ উঠেছে আসাদুজ্জামান বিপ্লব নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) দুপুরে নবীনগর-রাধিকা সড়কের আলীয়াবাদ মোড়ে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিপ্লব নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, একটি মাইক্রোবাসে করে উপজেলার ধরাভাঙ্গা গ্রামে যাওয়ার পথে আলীয়াবাদ মোড়ে তাদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করা হয়। গাড়িটি জরুরি পরিষেবার আওতাভুক্ত ও ইজারামুক্ত জানালে, সেখানে পৌর যুবদল নেতা বিপ্লব এসে সাংবাদিকদের সাথে চরম অসদাচরণ করেন এবং মারমুখী আচরণ করে চাঁদা আদায়ের চেষ্টা চালান। এ সময় তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান।

তবে সংসদ সদস্য আব্দুল মান্নান এই পরিচয় সম্পূর্ণ ভুয়া উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার কোনো ভাতিজা নেই। পৌর কর্তৃপক্ষকে দ্রুত এই ইজারা বাতিল করতে বলা হয়েছে।”

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাকিবুল ইসলাম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত এবং উক্ত ইজারাটি বাতিলের আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে।” এছাড়া ইজারাদার জাবেদুল ইসলামও ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে, সাংবাদিকদের সাথে অসদাচরণের জন্য অভিযুক্ত বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে।

দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

মোঃ রবিউল ইসলাম সিয়াম স্টাফ রিপোর্টার
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
দুর্দিনের ত্যাগী ও একাধিকবার কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুর্দিনের পরীক্ষিত কর্মী, রাজপথের ত্যাগী ও একাধিকবার রাজনৈতিক কারণে কারা নির্যাতিত সাভার থানা বিএনপির সভাপতি সাইফুউদ্দিন সাইফুলের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাভারের স্থানীয় ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে তীব্র অসন্তোষ ও চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামে যিনি নিজের জীবন বাজি রেখে রাজপথে নেতৃত্ব দিয়েছেন সাইফুল ভাই, রাজনৈতিক মামলা-হামলা সহ্য করে একাধিকবার কারাবরণ করেছেন—তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের মিথ্যা ও বানোয়াট ষড়যন্ত্র চালানো হচ্ছে। দলের গতিশীলতা ও জনপ্রিয়তা নষ্ট করার লক্ষ্যেই একটি চক্রান্তকারী গোষ্ঠী গোপনে এই চক্রান্ত চালিয়ে যাচ্ছে।

সাভার থানা বিএনপির স্থানীয় প্রবীণ ও তরুণ নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, “দুর্দিনে যখন অনেকে মাঠে ছিল না, তখন সাভার থানা বিএনপির সভাপতি নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন। হামলা, মামলা আর জেল-জুলুম সহ্য করে তিনি সাভারের তৃণমূল বিএনপিকে সুসংগঠিত রেখেছিলেন। আজ দলের সুসময়ে কোনো এক অদৃশ্য মহল তাঁকে সরিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার পাঁয়তারা করছে।”

তারা আরও বলেন, রাজপথের পরীক্ষিত নেতাদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র তৃণমূলের কর্মীরা মেনে নেবে না। অবিলম্বে এই চক্রান্ত বন্ধ করা না হলে সাভারের সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কঠোর জবাব দিতে বাধ্য হবে।

এ বিষয়ে স্থানীয় দলীয় ফোরাম ও ঊর্ধ্বতন নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে নেতাকর্মীরা জানান, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের সুরক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ গ্রহণ করবে এবং চক্রান্তকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা বিশ্বাস করেন।

৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ডাক, কারওয়ান বাজারে এনসিপির লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ডাক, কারওয়ান বাজারে এনসিপির লিফলেট বিতরণ
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, জননিরাপত্তার অভাব, নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।

রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মেয়রপ্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ছাড়া দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা কারওয়ান বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। আগামী ৩০ অক্টোবর শাহবাগে অনুষ্ঠেয় গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে তাঁরা জনসাধারণের প্রতি আহ্বান জানান।