খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল জনতা
খুলনার রূপসা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আটক ব্যক্তির নাম মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার। বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত মামলাসহ তার বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সেনেরবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আইচগাতী বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুলের ছোট ভাই।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।
সূত্র: বাংলাভিশন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]