টেকনাফের সন্ত্রাসী মিজানের বাড়িতে নৌবাহিনীর অভিযান
বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি–বিদেশি আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে হ্নীলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকায় নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস ও নৌবাহিনী কনটিনজেন্ট টেকনাফ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মিজানের বসতবাড়িতে অভিযান চালানো হলে একটি বড় আকারের অস্ত্রভাণ্ডারের সন্ধান মেলে। বাড়িটির বিভিন্ন কক্ষ ও গোপন স্থানে লুকিয়ে রাখা এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—
১টি বিদেশি পিস্তল
২টি দেশি পিস্তল
১টি একনলা বন্দুক
১০টি গ্রেনেড
বিপুল পরিমাণ গোলাবারুদ
বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনী জানিয়েছে। তবে অভিযানের সময় সন্ত্রাসী মিজানকে আটক করা যায়নি।
নৌবাহিনী ও স্থানীয় প্রশাসন বলছে, মিজান দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা ব্যবহারের মাধ্যমে অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযানে আরও কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কক্সবাজার প্রতিনিধি : আবির হোসেন সান
প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ । ২:২৮ অপরাহ্ণ