বন্ধুত্বের সুযোগে অপহরণ: টেকনাফে যুবককে মালয়েশিয়া পাচারের চেষ্টা, ৯৯৯–এ ফোনে উদ্ধার

আবির হোসেন সান।কক্সবাজার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ । ৮:১৩ অপরাহ্ণ

 

টেকনাফের বাহারছড়া ইউনিয়নে বন্ধুত্বের সুযোগ নিয়ে এক যুবককে অপহরণ করে মালয়েশিয়া পাচারের চেষ্টা করা হচ্ছিলো। এলাকাবাসীর ৯৯৯–এ ফোনকলের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনাটি ঘটে বাহারছড়ার জাহাজপুরা এলাকায়।

স্থানীয়দের বরাতে জানা যায়, গত ৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে জাহাজপুরার ছৈয়দ হোসেনের ছেলে এহেসান উল্লাহ (২০)–কে বেড়ানোর কথা বলে একই এলাকার যুবক আবছার (২৫) মোবাইলে ডেকে নিয়ে যায়। পরে তাকে কৌশলে কচ্ছপিয়া এলাকায় নিয়ে গিয়ে একটি মানবপাচারকারী চক্রের হাতে তুলে দেয়।

ভুক্তভোগী এহেসান জানান, পাচারকারীরা তাকে পাহাড়ি এলাকায় আটক করে রাখে। এক পর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে রাস্তা থেকে আবারও তাকে ধরে নিয়ে যায় চক্রের সদস্যরা।

১১ ডিসেম্বর সকালে ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে টেকনাফ মডেল থানা ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত যৌথ অভিযান পরিচালনা করে। পুলিশের চাপ বৃদ্ধি পেলে পাচারকারী চক্রটি শেষ পর্যন্ত কোনো মুক্তিপণ ছাড়াই এহেসানকে ছেড়ে দিতে বাধ্য হয়।

পুলিশ জানিয়েছে, অপহরণ ও পাচারচেষ্টায় জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের ধরতে জোর তৎপরতা চলছে।

এদিকে ভুক্তভোগী পরিবারের দাবি, আর্থিক সংকটের কারণে তারা মামলা করতে পারছেন না। পাশাপাশি অভিযুক্ত আবছারের পরিবার প্রভাবশালী হওয়ায় এহেসানের বাবা ছৈয়দ হোসেন নিরাপত্তার ভয়ে আইনি পদক্ষেপ নিতে দ্বিধায় আছেন।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “ভিকটিমকে আমরা উদ্ধার করতে পেরেছি। ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মানবপাচার চক্রের এমন অমানবিক কর্মকাণ্ডে এলাকায় উদ্বেগ বিরাজ করছে। পুলিশের ধারাবাহিক অভিযানে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন