কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সাবেক রেলমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর আব্দুল বারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে কুমিল্লা আসার পথে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল বারেক, ওরফে ‘পিস্তল বারেক’ (৫৫), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সাতঘড়িয়া (সমেশপুর) গ্রামের মোহাম্মদ আলীর বড় ছেলে। রাতে তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, মানবপাচার, হত্যা এবং নাশকতার একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে ঢাকা-কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে বারেককে গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি এম. আব্দুল হালিম বলেন, “বারেক দীর্ঘদিন ঢাকার মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। এই সময়ে তিনি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও মানবপাচারের পরিকল্পনা করছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র, হত্যা ও মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ঘনিষ্ঠ পরিচিত।”
এই অভিযান স্থানীয়দের মধ্যে নিরাপত্তা জাগ্রত করেছে এবং বারেকের দীর্ঘদিনের অবৈধ কর্মকাণ্ডকে সামনে এনেছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ৩:৪৯ অপরাহ্ণ