বঙ্গোপসাগরে টহলকালে মায়ানমারে পাচারের সময় সিমেন্টবোঝাই দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২৩ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় উদ্ধার করা হয়েছে ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট।
নৌবাহিনী সূত্র জানায়, দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের অংশ হিসেবে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও আশপাশের এলাকায় টহল জোরদার করা হলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে দুটি সন্দেহজনক কাঠের বোট শনাক্ত করে।
নৌবাহিনীর জাহাজ থেকে বোট দুটিকে থামার সংকেত দেওয়া হলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের বোট দুটি আটক করা হয়। তল্লাশিতে বোট দুটি থেকে বাংলাদেশি ডায়মন্ড ব্র্যান্ডের ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট এবং ৩২টি মোবাইল ফোন জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকারী চক্রের ২৩ জন সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অধিক মুনাফার আশায় তারা শুল্ক ফাঁকি দিয়ে সিমেন্টগুলো সমুদ্রপথে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
পরবর্তীতে জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানায়, সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে

আবির হোসেন সান ।কক্সবাজার
প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ৬:৩৩ অপরাহ্ণ