কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে অনলাইনে প্রতারণার অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি ইমন চক্রবর্তী এমটিভিকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাতে অভিযানে প্রতারকদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে কক্সবাজার জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, হোয়াটসঅ্যাপে পুলিশ সুপারের ছবি ব্যবহার করে একটি চক্র প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে—এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে সন্দেহজনক কল বা বার্তার বিষয়ে যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেনে না জড়াতে এবং প্রয়োজনে নিকটস্থ থানায় অবহিত করতে অনুরোধ করা হচ্ছে।

আবির হোসেন সান কক্সবাজার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৬:৪৭ অপরাহ্ণ