রামু থানা পুলিশের অভিযানে ১,৬০০ পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার বাউন্ডলি ও একটি মিনি পিকআপসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—কতিপয় ব্যক্তি মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত একটি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে ভারী আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম নিয়ে রামু হয়ে নাইক্ষ্যংছড়ির দিকে অগ্রসর হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া-এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারসহ সঙ্গীয় ফোর্স রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সংলগ্ন নাইক্ষ্যংছড়ি সড়কের মাথায়, হোটেল আল মদিনার সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ০১টা ৪৫ মিনিটে একটি মিনি পিকআপ চেকপোস্ট অতিক্রমকালে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে উপস্থিত সাক্ষীদের সামনে ৩২টি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে সংরক্ষিত সর্বমোট ১,৬০০ (এক হাজার ছয়শত) পিস ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন রাখার বাউন্ডলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা এসব অস্ত্রের সরঞ্জাম মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিল।
পুলিশের প্রাথমিক তদন্তে আরও প্রতীয়মান হয় যে, গ্রেফতারকৃত আসামীরা ও তাদের অজ্ঞাতনামা সহযোগীরা উক্ত অস্ত্রের সরঞ্জাম সরবরাহের মাধ্যমে বাংলাদেশের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা, জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকারকে অস্থিতিশীল করা এবং দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল।
এ ঘটনায় রামু থানায় মামলা নং–৪৭/৮৩৩, তারিখ–১৮/১২/২০২৫ খ্রি.; ধারা— সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) এর ৬(২)(ই)/৭/১০/১২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন—
১. মোঃ শাহজাহান (২৫)
পিতা: নুরুল আলম
মাতা: রাজিয়া বেগম
ঠিকানা: কম্বনিয়া, ৭নং ওয়ার্ড, ০১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউপি
থানা: নাইক্ষ্যংছড়ি
জেলা: বান্দরবান
২. মোঃ ইলিয়াছ (১৯)
পিতা: বদিউজ্জামান
(ঠিকানা ও অন্যান্য পরিচয় তদন্তাধীন)
৩. অপর একজনের পরিচয় যাচাই-বাছাই চলমান রয়েছে।

আবির হোসেন সান | কক্সবাজার প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ । ৬:৫৪ অপরাহ্ণ