পত্রিকা অফিসে হামলাকে পরিকল্পিতভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের নাশকতার মাধ্যমে দেশের গণতান্ত্রিক যাত্রাকে থামিয়ে রাখা যাবে না।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
সালাউদ্দিন আহমদ সরকারের সমালোচনা করে বলেন, আগে থেকেই যেসব জায়গা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ছিল, সেসব স্থানে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন ছিল। নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কারণেই এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে তিনি মন্তব্য করেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গও তুলে ধরেন। সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিএনপির সমন্বয় চলছে এবং এ বিষয়ে সরকার নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি দৃঢ় অবস্থানে রয়েছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ । ৪:৩৮ অপরাহ্ণ