টেকনাফে পাহাড়ে কৃষিকাজ করার সময় পাহাড়ি সন্ত্রাসীদের হাতে এক চাকমা যুবক অপহরণের শিকার হয়েছেন। একই ঘটনায় অপহরণচেষ্টার মুখে পড়ে এক বৃদ্ধ কৌশলে পালিয়ে এসে প্রাণে রক্ষা পেয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত যুবকের নাম সংকুচিং (৩৫)। তিনি বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকার বাসিন্দা। অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসা বৃদ্ধের নাম এবাদুল্লাহ (৬০), তিনিও একই এলাকার বাসিন্দা।
পালিয়ে আসা এবাদুল্লাহ জানান, পাহাড়ে কৃষিকাজ করার সময় হঠাৎ ২০ থেকে ৩০ জনের একটি অস্ত্রধারী সন্ত্রাসী দল তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা সংকুচিংকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে তাকেও অপহরণ করার চেষ্টা করা হলে তিনি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হন। পালানোর সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে বলেও তিনি জানান।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম চট্টগ্রাম ট্রিবিউনকে বলেন,ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ি এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আবির হোসেন সান (কক্সবাজার প্রতিনিধি)
প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ । ৭:৩২ অপরাহ্ণ