ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম তার সন্তানের নাম রেখেছেন শহীদ শরীফ ওসমান হাদির নামে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তিনি এই নামকরণ করেন।
শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তাওসিফুল ইসলাম। পোস্টে তিনি ওসমান হাদির সঙ্গে তার কথোপকথনের একটি স্ক্রিনশট এবং সন্তানের ছবি যুক্ত করেন।
এ বিষয়ে তাওসিফুল ইসলাম বলেন, ওসমান হাদি ভাইয়ের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। গত ৫ ডিসেম্বর তিনি তার সন্তানের জন্য একটি ভালো নাম জানতে তার কাছে জানতে চেয়েছিলেন। তবে তিনি হয়তো ব্যস্ত থাকায় সে সময় কোনো নাম প্রস্তাব করতে পারেননি।
তিনি আরও বলেন, ওসমান হাদি পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন। তিনি সব সময় দেশের জন্য শহীদ হতে চেয়েছিলেন। তার প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই সন্তানের নাম হাদি রাখা হয়েছে।
তাওসিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তার সন্তানের নাম রাখা হয়েছিল তাশরিফুল মাহতিন আয়ান। পরে সেই নাম পরিবর্তন করে তার ছেলের নাম রাখা হয় মাহতিম ওসমান হাদি।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ । ৯:১৮ অপরাহ্ণ