কক্সবাজারের রামুতে ৩০ বিজিবির মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদের নির্দেশনায় এবং সহকারী পরিচালক মো. কবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল চেকপোস্টে একটি সন্দেহজনক ইজিবাইক থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশিকালে যাত্রীর বসার সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. সৈয়দ নূর (২২)। তিনি কক্সবাজার জেলার রামু থানার দারিয়ার দিঘী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. হাবিব উল্লাহ।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শামসু উদ্দিন । রামু
প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ । ১১:০২ অপরাহ্ণ