এমটিভিতে সংবাদ প্রকাশের পর নাইক্ষ্যংছড়িতে অস্ত্র ও গুলিসহ ডাকাত কিলার আমির হামজা ওরফে আরামজান গ্রেপ্তার

আবির হোসেন সান | কক্সবাজার প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ । ৯:০৩ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ কুখ্যাত ডাকাত কিলার আমির হামজা ওরফে আরামজানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিণখাইয়া ব্রিজ সংলগ্ন শিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমির হামজা (৫৭) বাইশারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের করলিয়ামুরা এলাকার মৃত আশরাফুজ্জামান প্রকাশ জামানের পুত্র। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং নয়টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আমির হামজার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন