বাংলাদেশে নজর দিলে পাকিস্তানের মিসাইল দূরে নয়”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৬:৩৭ অপরাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ–এনের (পিএমএল-এন) এক নেতা ভারতকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত যদি বাংলাদেশে কোনো খারাপ অভিপ্রায়ে নজর দেয় বা হামলার চেষ্টা করে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল এর জবাব দেবে।
কামরান সাঈদ উসমানী নামে ওই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
একটি ভিডিও বার্তায় কামরান সাঈদ উসমানী বলেন,
“যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বে হামলা চালায় বা খারাপ উদ্দেশ্যে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখায়, তাহলে মনে রাখতে হবে—পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী এবং আমাদের মিসাইল দূরে নয়।”
তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ চিন্তাধারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান তা সহ্য করবে না।
উসমানী দাবি করেন, পাকিস্তান অতীতেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে এবং প্রয়োজন হলে ভবিষ্যতেও তা করতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে হয়রানি করছে এবং বাংলাদেশকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে।
এ সময় তিনি প্রস্তাব দিয়ে বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠন করা উচিত। একই সঙ্গে তিনি বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপনের কথাও বলেন।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠিত হলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন