এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, বিএনপি ও তারেক রহমানের প্রতি সমর্থন ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ । ২:৩৩ অপরাহ্ণ

মীর আরশাদুল হক

জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে মনোনীত প্রার্থী মীর আরশাদুল হক।
বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এনসিপির সব পদ থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি আসন্ন নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে অংশ না নেওয়ার ঘোষণা দেন।
পোস্টে মীর আরশাদুল হক লেখেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও গত ১০ মাসের অভিজ্ঞতায় তার কাছে প্রতীয়মান হয়েছে— দল ও নেতৃত্ব সেই প্রতিশ্রুতি পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই।”
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে বিপুল আত্মত্যাগের পরও দেশে শান্তি, ন্যায্যতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়নি এবং এক্ষেত্রে এনসিপিও ব্যর্থ হয়েছে। ধর্ম ও পপুলিজমকে ব্যবহার করে বিভাজন সৃষ্টির প্রবণতা এবং মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্রে উত্তরণ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠাকে সবচেয়ে জরুরি উল্লেখ করে মীর আরশাদুল হক বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সরকার গঠনের বিকল্প নেই। তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য ও কার্যক্রম বিশ্লেষণ করে তিনি মনে করেন, সবাইকে নিয়ে দেশ পরিচালনার সক্ষমতা এই মুহূর্তে তারেক রহমানেরই রয়েছে।
ফেসবুক পোস্টে তারেক রহমানের প্রশংসা করে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থানের মতো জনগণের দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে একটি স্পষ্ট ও বাস্তবসম্মত ভিশন উপস্থাপন করছেন তিনি। এসব কারণেই ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানানোর কথাও উল্লেখ করেন মীর আরশাদুল হক।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন