কুমিল্লার হোমনা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে দুটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ সোহাগ (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে যৌথ বাহিনী হোমনা উপজেলার মাথাভাঙা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই এলাকার তারু মিয়ার ছেলে অস্ত্রধারী মো. সোহাগকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল এবং ১৪ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র পরবর্তীতে হোমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনী সোহাগকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আজই তাকে আদালতে পাঠানো হবে।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।

তারেকুল ইসলাম কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ । ১০:৫২ অপরাহ্ণ