ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টানা ২২ বছরের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের পদ ছেড়েছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির নুর আহমদ আনোয়ারী।
বৃহস্পতিবার সকালে তিনি কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর আগেই টেকনাফের হোয়াইক্যং ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।
জানা যায়, ২০০৩ সালে প্রথমবার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন নুর আহমদ আনোয়ারী।
এরপর টানা চার মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তিনি। গতকাল টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিমের কাছ থেকে মনোনয়ন ফরম নেন নুর আহমদ আনোয়ারী।
মনোনয়ন ফরম সংগ্রহের পর জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ‘একটানা ২২ বছর দায়িত্বে ছিলাম, আমি হোয়াইক্যংবাসীর প্রতি কৃতজ্ঞ। তারা আমাকে যে সম্মান দিয়েছেন, তা অতুলনীয়।
আমি ঋণী তাদের প্রতি। ইনশাআল্লাহ নতুন এই যাত্রায় অতীতের মতো তারা সব সময় আমার পাশে থাকবেন।’
নুর আহমদ আনোয়ারী আরো বলেন, ‘হোয়াইক্যংবাসীর কল্যাণে যেভাবে কাজ করেছি, ঠিক একইভাবে আরো বৃহৎ পরিসরে উখিয়া ও টেকনাফের আপামর জনসাধারণের জন্য নিজেকে নিবেদিত করতে চাই। আমি সবার দোয়া ও সমর্থনপ্রত্যাশী।
কক্সবাজার-৪ আসনে ইতিমধ্যে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন চারবারের সাবেক সংসদ সদস্য দলের জেলা সভাপতি শাহজাহান চৌধুরী। জাতীয় সংসদের সাবেক এই হুইপ ইতিমধ্যে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।

শামসু উদ্দিন।কক্সবাজার।চকরিয়া
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ । ১১:২০ অপরাহ্ণ