গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ । ১২:০৯ অপরাহ্ণ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গভীর রাতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ ব্যানার ও মশাল হাতে এ মিছিল বের করা হয়।
মিছিলে ব্যবহৃত পোস্টারে লেখা ছিল— “অবৈধ ইউনূস সরকারের ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও ও অবৈধ তফসিলের বিরুদ্ধে মশাল মিছিল। আয়োজনে তৃণমূল আওয়ামী লীগ, গোসাইরহাট, শরীয়তপুর।” মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।
ঘটনাটি নিয়ে গোসাইরহাটের স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম উপজেলায় প্রকাশ্যে দলীয় কোনো রাজনৈতিক কর্মসূচি দেখা গেল বলে জানিয়েছেন স্থানীয়রা। ফলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গোপনে বিদেশ গমনের পর গোসাইরহাট উপজেলায় দলটির কার্যক্রম প্রায় নিষ্ক্রিয় ছিল। এমন পরিস্থিতিতে গভীর রাতে হঠাৎ মশাল মিছিল বের হওয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন।
মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অংশগ্রহণকারীদের অধিকাংশের মুখ ছিল মাস্ক বা কাপড় দিয়ে ঢাকা। পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানিসম্পদমন্ত্রী আব্দুর রাজ্জাকের নাম ও ছবি ছাড়া অন্য কোনো নেতার নাম বা ছবি ছিল না।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর ফেসবুক পেজেও মিছিলের ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন