কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে ১৯৯১ সালের নির্বাচনী ইতিহাস পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, “বিজয় আমাদের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। অতীতেও জনগণের ভালোবাসা ও সমর্থনে আমরা সফল হয়েছি।”
সাম্প্রতিক সময়ে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, চকরিয়া–পেকুয়ার আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার দিন দিন আরও অবারিত হচ্ছে।
আব্দুল্লাহ আল ফারুক বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই মানুষ জামায়াতে ইসলামীর প্রতি আস্থা রাখছে। জনগণের এই ভালোবাসা ও সমর্থন আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী মাঠে দিন দিন সরব হয়ে উঠছে চকরিয়া–পেকুয়া আসন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি আগ্রহ প্রকাশ করছেন, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

মোস্তফা আন্জুম ফাহিম চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশের সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ । ১০:১৪ অপরাহ্ণ