নাহিদকে শুভকামনা জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৯:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার প্রেক্ষিতে ঢাকা-১১ সংসদীয় আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান। এ আসনে তিনি এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে নির্বাচন না করার সিদ্ধান্ত নেন।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আতিকুর রহমান।
পোস্টে তিনি লেখেন, দীর্ঘ ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আতিকুর রহমান দাবি করেন, এ সময় ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তার ভাষায়, এই প্রচেষ্টার ফলে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়, যা সর্বশেষ জরিপেও প্রতিফলিত হয়েছে।
ঢাকা-১১ আসনের (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে এবং অভূতপূর্ব ভালোবাসা দিয়েছে।
নির্বাচনী প্রচারণায় যুক্ত সহযাত্রীদের ত্যাগ ও শ্রমের কথাও তুলে ধরেন জামায়াত প্রার্থী। তিনি জানান, অনেক কর্মী রাত জেগে পোস্টার লাগানোসহ নানা কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। বিশেষ করে নারী কর্মীদের ভূমিকার জন্য আলাদা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পোস্টের একপর্যায়ে আতিকুর রহমান বলেন, তার ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। একই সঙ্গে সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও আস্থার কথা পুনর্ব্যক্ত করে ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সবশেষে তিনি ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানান এবং মহান আল্লাহর কাছে সকল প্রচেষ্টা কবুলের দোয়া করেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন