ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট–২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনে নির্বাচনী উত্তাপ বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ভ্যানগাড়িতে করে এসে মনোনয়নপত্র জমা দিয়ে সৃষ্টি করেছেন ব্যাপক আলোচনা।
সোমবার কালীগঞ্জ উপজেলা পরিষদে অবস্থিত উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন। প্রার্থীর এই ব্যতিক্রমী যাত্রাপথ স্থানীয় জনগণ ও রাজনৈতিক মহলে কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।
মনোনয়ন জমা শেষে অ্যাডভোকেট ফিরোজ
হায়দার লাভলু বলেন,
“আমি সাধারণ মানুষের রাজনীতিতে বিশ্বাস করি। বিলাসিতা নয়, মানুষের জীবনযাত্রার সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই ভ্যানগাড়িতে এসেছি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যয়বহুল বহরের পরিবর্তে ভ্যানগাড়িতে মনোনয়ন জমা দেওয়া একটি প্রতীকী বার্তা, যা নির্বাচনী মাঠে ভিন্ন মাত্রা যোগ করেছে। এতে করে লালমনিরহাট–২ আসনে ভোটের রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে।
এদিকে কালীগঞ্জসহ আশপাশের এলাকায় এই ঘটনাকে ঘিরে চলছে নানা আলোচনা। অনেক ভোটার এটিকে সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন।
সব মিলিয়ে, ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট–২ আসনে প্রতিদ্বন্দ্বিতা যে আরও আকর্ষণীয় ও আলোচিত হয়ে উঠছে, তা স্পষ্ট।

লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৬:৩২ অপরাহ্ণ