আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম দাখিল সম্পন্ন করেছেন।
দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় নির্ধারিত সময়ের মধ্যেই নরসিংদীর সবকটি আসনে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন দাখিল কার্যক্রম সম্পন্ন হয়।
দলীয় নেতৃবৃন্দ এ সময় জানান, কুরআন-সুন্নাহভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদীর প্রতিটি আসনে শক্ত অবস্থান নিয়ে নির্বাচনী মাঠে রয়েছে।
নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে—
নরসিংদী-১ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ আশরাফ হুসাইন ভূইয়া দুপুরে নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব মুহসিন আহমেদ পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মদ ওয়ায়েজ হোসাইন ভূইয়া বিকেলে মনোনয়ন ফর্ম জমা দেন।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোহরদী উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ প্রধান গতকাল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম দাখিল করেন।
এছাড়া নরসিংদী-৫ (রায়পুরা) আসনে কলরবের পরিচালক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা বদরুদ্দোজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে বিকেলে মনোনয়ন ফর্ম জমা দেন।
দলীয় সূত্রে আরও জানানো হয়, আগামীর দিনগুলোতে গণসংযোগ, জনসভা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরা হবে।

মুহাম্মদ রহমাতুল্লাহ হাসান সোহান নরসিংদী জেলা প্রতিনিধি.
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৯:৪১ অপরাহ্ণ