আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন স্বামী-স্ত্রী—যা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা একই আসন থেকে প্রার্থী হওয়ায় নির্বাচনী রাজনীতিতে যোগ হয়েছে ভিন্ন মাত্রা।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলম–এর কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন এস এম জিলানী। এর কিছুক্ষণ পর একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রওশন আরা।
একই পরিবারের দুই সদস্যের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা প্রসঙ্গে এস এম জিলানী বলেন,
“বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে প্রত্যেক নাগরিকের নির্বাচনে অংশগ্রহণের সাংবিধানিক অধিকার রয়েছে। রওশন আরা আমার সহধর্মিণী হলেও রাজনৈতিকভাবে তার নিজস্ব পরিচয় ও অবস্থান আছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা ভিন্নমত পোষণ করাও গণতন্ত্রের সৌন্দর্য।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ এই আসনে স্বামী-স্ত্রীর একসঙ্গে প্রার্থী হওয়া নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। একই সঙ্গে এই প্রতিদ্বন্দ্বিতা গোপালগঞ্জ-৩ আসনের নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

মাসুম হাসান | গোপালগঞ্জ
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ১০:২৪ অপরাহ্ণ