কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত ব্যক্তির মৃত্যু হয়। এর আগে সকালে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড়পার্ক গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল কুদ্দুস (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তছিমুদ্দিনের দুই ছেলে আব্দুল কুদ্দুস ও মাহাবুরের মধ্যে প্রায় ১০ শতাংশ জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ওই জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাহাবুর তার ছোট ভাই মান্নানসহ পরিবারের কয়েকজন সদস্য দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্দুল কুদ্দুসের ওপর হামলা চালায়।
হামলার সময় আব্দুল কুদ্দুসকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে রাসেলও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল কুদ্দুস ও তার ছেলে রাসেলকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আব্দুল কুদ্দুস মারা যান। আহত রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পরিবার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, “এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।”
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ মাইদুল ইসলাম জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশের সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ । ৯:২৪ অপরাহ্ণ