ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষ্যে দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আগামীকাল ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বুধবার (৩১ ডিসেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাইকে শুভ নববর্ষ।”
তিনি বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা। নতুন বছরের আগমনী বার্তা আমাদের সকল গ্লানি ভুলে সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার জন্য নতুন উদ্যম ও অনুপ্রেরণা জোগায়।
একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে আমরা সবাই সর্বশক্তি নিয়োগ করব—এমন প্রত্যাশাই নতুন বছরে আমাদের অঙ্গীকার।” তিনি আরও বলেন, নতুন বছরে সকল চ্যালেঞ্জ একসঙ্গে মোকাবিলা করে একটি সাম্য, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে।
বাণীতে তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন বছর জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, নতুন বছরে তা আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “নতুন বছরে একটি জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যাত্রা পূর্ণতা পাবে বলে আমরা প্রত্যাশা করি।”

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ১২:৫৬ পূর্বাহ্ণ