ভারতের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ বিভ্রান্তিকর: আমিরে জামায়াত

ভারতের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ বিভ্রান্তিকর: আমিরে জামায়াত
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ১:১০ অপরাহ্ণ

ভারতের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি বলেন, সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
আমিরে জামায়াত জানান, রয়টার্সের এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন— প্রতিবেশী দেশ ভারত যেহেতু বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, সে কারণে তাদের সঙ্গে কোনো যোগাযোগ, কথাবার্তা বা বৈঠক হয়েছে কি না।
এর জবাবে তিনি বলেন, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পর দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের কূটনৈতিকদের পাশাপাশি ওই সময় ভারতের দুজন কূটনীতিকও সৌজন্য সাক্ষাতে তার বাসায় এসেছিলেন।
তিনি আরও জানান, অন্যান্য কূটনীতিকদের মতোই তাদের সঙ্গেও সাধারণ সৌজন্যমূলক আলোচনা হয়। সে সময় বিষয়টি প্রকাশ করার কথা জানানো হলে ভারতীয় কূটনীতিকরা তা প্রচারে না আনার অনুরোধ জানান। তবে তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই জনসমক্ষে আনা হবে এবং সেখানে গোপনীয়তার কোনো প্রশ্ন নেই।
এ প্রেক্ষাপটে কিছু দেশীয় গণমাধ্যমে ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক হয়েছে— এমন সংবাদ প্রকাশকে তিনি দুঃখজনক ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন। এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানিয়ে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন