কালীগঞ্জে তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলন: বিলীন ফসলি জমি, ঝুঁকিতে আশ্রয়ণ প্রকল্প ও সরকারি সেতু

শেখ রনদ সিমান্ত লালমনিরহাট জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ৬:১৫ অপরাহ্ণ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সির বাজার–বৈরাতী এলাকায় তিস্তা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন ফসলি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে, অন্যদিকে ঝুঁকির মুখে পড়েছে আশ্রয়ণ প্রকল্প ও প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সরকারি সেতু (ব্রিজ)।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ বালু পরিবহনের সুবিধার্থে সেখানে আগে থেকেই একটি রাস্তা থাকা সত্ত্বেও আরেকটি নতুন রাস্তা তৈরি করা হয়েছে। এই রাস্তা নিয়ে দুই এলাকার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই নতুন এই রাস্তা তৈরি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ওই নতুন রাস্তা দিয়ে প্রতিদিন অন্তত চারটি ট্রাক/গাড়িতে করে অবৈধভাবে বালু পরিবহন করা হচ্ছে। এতে আশপাশের ফসলি জমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পরিবেশ ও জননিরাপত্তা চরম ঝুঁকিতে পড়ছে।

এলাকাবাসী আরও জানান, তারা প্রতিবাদ করার চেষ্টা করলে সংশ্লিষ্টরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। ফলে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ রক্ষার জন্যই এই অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে। অবিলম্বে ব্যবস্থা না নিলে ফসলি জমির ক্ষয়ক্ষতি আরও বাড়বে এবং সরকারি স্থাপনার বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর জোর দাবি, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন