যশোরে দুই আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই, পাঁচ প্রার্থীর প্রার্থিতা বাতিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ৯:২০ অপরাহ্ণ

যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যশোরের দুটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান শুক্রবার (২ জানুয়ারি) এই যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দিয়েছেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর-৩ (সদর) এবং যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যশোর-৩ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ শোয়াইব হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ঋণখেলাপি ছিলেন।
বৈধ প্রার্থী হিসেবে এখন যশোর-৩ আসনে থাকছেন জামায়াতে ইসলামীর আব্দুল কাদের, বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় পার্টির খবির গাজী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাশেদ খান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির নিজাম উদ্দিন অমিত।
যশোর-৪ আসনে ১০ প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত টি এস আইয়ূব, বিএনপি থেকে অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, স্বতন্ত্র ফারহান সাজিদ ও জাতীয় পার্টির জহুরুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আইয়ূব ঢাকা ব্যাংকে ঋণখেলাপি থাকায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদের ভোটার তালিকায় অসত্য তথ্য থাকার অভিযোগ ওঠে। জহুরুল হকের মনোনয়নপত্র অসম্পূর্ণ হওয়ায় বাতিল করা হয়েছে।
বৈধ প্রার্থী হিসেবে যশোর-৪ আসনে রয়েছেন বিএনপির বিকল্প মনোনীত মতিয়ার রহমান ফারাজী, জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম রসুল, স্বতন্ত্র এম নাজিমউদ্দিন আল আজাদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মণ্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজীদ হোসাইন এবং খেলাফত মজলিসের আশেক এলাহী।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন