কাশিয়ানীতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মাসুম হাসান । গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ১১:৩৯ অপরাহ্ণ

কাশিয়ানী, গোপালগঞ্জ – কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর ব্যবসায়ী মোখলেস মোল্লা হত্যা মামলার পলাতক আসামি বুলবুল শেখকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। শুক্রবার (২রা জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বুলবুল শেখ কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের মৃত এরন শেখের ছেলে।
র‍্যাব-৬ এর কাশিয়ানী ভাটিয়াপাড়া ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
র‍্যাব জানায়, গত ৩১শে ডিসেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলার তারাইল এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী মোখলেস মোল্লা কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিল।
র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার জানা যায়, মামলার অন্যতম আসামি বুলবুল শেখ গোপালপুর বাজার এলাকায় অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন