কুমিল্লায় বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ । ৭:০৫ অপরাহ্ণ

​কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৩ জানুয়ারি) জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার ও চাষাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিইআরসি কর্তৃক নির্ধারিত ১২ কেজির সিলিন্ডারের মূল্য ১,২৫৩ টাকা হলেও প্রতিষ্ঠানগুলো ১,৪৫০ টাকায় বিক্রি করছিল। এমন অভিযোগের ভিত্তিতে পদুয়ার বাজার এলাকার এলপিজি গ্যাস পরিবেশক  মেসার্স সরকার এন্টারপ্রাইজ কে ৫০ হাজার টাকা এবং চাষাপাড়া এলাকার  মেসার্স উজ্জ্বল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: কাউছার মিয়া সাংবাদিকদের জানান, অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি রোধে এই তদারকি অভিযান চালানো হয়েছে। জরিমানার পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ​অভিযানে জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদান করে। এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন