ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় কড়া অবস্থান নিয়েছে। হল সংসদ ঘোষণা করেছে, হলের অডিটোরিয়ামে ভারতের মাটিতে আয়োজিত সব ধরনের ক্রিকেট ম্যাচ দেখার ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) হল সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ভিপি মো. জায়েদুল হক, জিএস সাদমান আব্দুল্লাহসহ হল সংসদের সকল নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ক্রিকেটের ন্যায্যতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। হলের ছাত্র প্রতিনিধিরা মনে করেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন আচরণ খেলাধুলার চেতনার পরিপন্থী।
অন্যায়ের প্রতিবাদ হিসেবেই হল অডিটোরিয়ামে ভারতীয় কোনো ম্যাচ সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভারতীয় ক্রীড়া সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন ও নিরুৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশের ক্রীড়া কর্মকর্তাদের প্রতি অনুরোধ করা হয়েছে, ভারতের মাটিতে যেকোনো ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়টি পুনঃবিবেচনা করার।
মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সলিমুল্লাহ মুসলিম হলের এই সিদ্ধান্ত অন্য হলগুলোর উপরও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ১২:১৪ পূর্বাহ্ণ