​প্রশাসন নিরপেক্ষ থাকবে, বিচ্যুতি ঘটলে ব্যবস্থা: কুমিল্লায় উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তারেকুল ইসলাম। ​কুমিল্লা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৬:৩৩ অপরাহ্ণ

ভোটের মাঠে প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং নির্বাচনে কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সেজন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে কর্মকর্তাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছে।
​সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে ‘ভোটের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোট উপলক্ষে সাধারণ মানুষকে সচেতন করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আলী ইমাম মজুমদার বলেন, “আমরা দীর্ঘদিন কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে যাদের বয়স এখন ৩০-৩৫ বছর, তাদের মধ্যে অনেকেই এ পর্যন্ত ভোট দিতে পারেননি। এবার সেই বন্ধ্যাত্বের অবসান হতে যাচ্ছে। এই স্থবিরতা কাটাতে সরকার অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে। আমরা চাই উৎসবমুখর পরিবেশে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক।”
​জনগণই প্রজাতন্ত্রের মালিক
উপদেষ্টা আরও বলেন, “প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সব ক্ষমতা। আগামী পাঁচ বছর দেশ কারা চালাবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের। ভোটারদের সচেতন করতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতেই দেশব্যাপী এই সুপার ক্যারাভান কার্যক্রম শুরু হয়েছে।”
​উপস্থিত ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান ও সাইফুল মালিক উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
​অনুষ্ঠান শেষে উপদেষ্টা ফিতা কেটে ‘ভোটের গাড়ি’র যাত্রার শুভ উদ্বোধন করেন। এই গাড়িগুলো কুমিল্লার বিভিন্ন উপজেলা ও লোকালয় ঘুরে ভোটারদের সচেতন করার কাজ করবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন