গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পলাতক পুলিশ সদস্যসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে মোট ১ হাজার ৪২১ পিস ইয়াবা ও একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।
কাশিয়ানী থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণপাড়া ও বরাশুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ইছাডাঙ্গা গ্রামের মৃত রতন শেখের ছেলে হুসাইন শেখ (৩০) এবং কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত শশধর বিশ্বাসের ছেলে গোলক বিশ্বাস (৪২)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হুসাইন শেখ একজন পলাতক পুলিশ সদস্য। তাঁর কাছ থেকে ১ হাজার ২৬১ পিস ইয়াবা ও একটি লাইসেন্সবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়। অপর অভিযানে গোলক বিশ্বাসের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ১৬০ পিস ইয়াবা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন,
“গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাশিয়ানীর বিভিন্ন এলাকায় ইয়াবাসহ নেশাজাতীয় মাদক কেনাবেচা করে আসছিলেন।”
তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে কাশিয়ানীতে ইয়াবাসহ বিভিন্ন মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। পুলিশের এই অভিযানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করলেও মাদক চক্র পুরোপুরি নির্মূলে ধারাবাহিক অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

মাসুম হাসান । গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৬:৪৮ অপরাহ্ণ