ছবি: সংগৃহীত
ঢাকা: জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতারা অভিযোগ করেছেন, দেশের কিছু সরকারি কর্মকর্তা নির্দিষ্ট একটি দলের পক্ষে কাজ করছে।
সোমবার (৫ জানুয়ারি) মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অভিযোগ জানানো হয়। বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে নেতারা বলেন, দেশে এখনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হয়নি। প্রশাসনের কিছু কর্মকর্তার পক্ষপাতিত্বের অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে। পাশাপাশি, দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতা-কর্মীদের উপর প্রকাশ্য হামলার ঘটনা ঘটছে বলে উল্লেখ করেন তারা।
কেন্দ্রীয় নেতারা আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। দেড় হাজার শহীদ, ৩০ হাজারের বেশি আহত ও পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে কোনো চক্রান্ত বা গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পক্ষ থেকে সরকারেরও কাছে জোর দাবি করা হয়েছে, যাতে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয় এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নত হয়।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৯:৪০ অপরাহ্ণ